ইউরোপীয় ইউনিয়নের ব্যাংকিং কাঠামোতে আমূল পরিবর্তনে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নেতারা জোটের ব্যাংকগুলোর মূলধন কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনতে গতকাল শুক্রবার মতৈক্যে পৌঁছেছেন। এর আওতায় প্রায় দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোর পুনরুদ্ধারে পরিকল্পিত ঋণসহায়তা প্যাকেজের তহবিল কাজে লাগানো হবে। তবে সরকারের ঋণ এ তহবিলের আওতায় পড়বে না।ব্রাসেলসে দীর্ঘ ১৩ ঘণ্টার আলোচনা শেষে ইইউ নেতারা ঋণসংকটে জর্জরিত ইউরো জোনের ব্যাংকিং-ব্যবস্থার তদারকিতে একটি যৌথ দল গঠনেও সম্মত হন। এর আগে স্পেন ও ইতালি ঋণভার কমানোর পদক্ষেপ হিসেবে ওই সহায়তা প্যাকেজের অর্থে বাজার থেকে সরকারি ঋণ কিনে নেওয়ার অনুমতির জন্য জার্মানির ওপর চাপ সৃষ্টি করে।আগামী ৯ জুলাই থেকে এই চুক্তি কার্যকরভাবে শুরুর ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন ইউরোপীয় নেতারা। অবশ্য এটি পুরোপুরি কার্যকর হতে চলতি বছরের শেষ পর্যন্ত লাগতে পারে। তখন নতুন অর্থ সহজলভ্য হওয়ার কথা। চুক্তি সইয়ের ঘোষণা দিয়ে গতকাল ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রমপুয়ে বলেন, নতুন ব্যবস্থা ব্যাংক ও সরকারের মধ্যে ‘দুষ্টচক্র’ ভাঙবে।চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর এশিয়ায় ডলারের বিপরীতে ইউরোর মূল্যমান বেশ খানিকটা বেড়ে যায়। জার্মানি ও লন্ডনের পুঁজিবাজারও চাঙা হয়ে ওঠে। কর্মকর্তারা জানান, ইউরো সংকট কাটাতে স্পেনের ব্যাংক থেকে ঋণ নিতে ইতিপূর্বে যে চুক্তি সম্পাদিত হয়, সে-সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টাও নতুন চুক্তিতে করা হয়েছে। ইউরোভুক্ত ব্যাংকগুলোর মূলধন বৃদ্ধিতে কোথা থেকে অর্থের জোগান হবে এবং খেলাপি ঋণ মোকাবিলায় কোন ঋণদাতাকে অগ্রাধিকার দেওয়া হবে—চুক্তির আগে এমন বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নতুন তহবিল গঠন ও ইউরোপিয়ান স্ট্যাবিলাইজেশন মেকানিজম (ইএসএম) কার্যকর হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান আইন অনুসরণ করেই বর্তমান সহায়তা প্যাকেজের তহবিল ব্যবহার করা হবে।ব্রাসেলস থেকে বিবিসির সংবাদদাতা অ্যান্ড্রু ওয়াকার জানান, প্যাকেজের আওতায় যে ঋণসহায়তা দেওয়া হবে, তা বেসরকারি খাতের ঋণের চেয়ে ‘অগ্রাধিকার’ পাবে না। বিশ্লেষকেরা বলেন, এর অর্থ হলো, যদি স্পেন ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তবে দেশটির সরকারি খাতের ঋণদাতারা অগ্রাধিকারমূলক সুবিধা পাবেন না। এ অবস্থায় স্পেনের সরকারি ঋণ বেসরকারি বিনিয়োগকারীদের খুব সামান্যই আকৃষ্ট করবে। স্পেন তার সমস্যায় ভারাক্রান্ত ব্যাংকগুলোকে বাঁচাতে ইইউর কাছ থেকে সহায়তা চাইলেও এ ব্যাপারে আর কোনো ঋণ নিতে আগ্রহী নয়।এদিকে ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্তি বলেছেন, নতুন চুক্তি কাঙ্ক্ষিত ইউরো বন্ডের (বিশেষ ধরনের ঋণপত্র) দ্বার খুলে দেবে বলে তাঁর বিশ্বাস।ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ঋণে ভারাক্রান্ত স্পেন ও ইতালির প্রতি তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করার পর নতুন এ চুক্তি হলো। বিবিসি ও এএফপি।