ইউরোপে তুষারপাত চলছেই, হাজার হাজার যাত্রী নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী তুষারপাতের ফলে ইউরোপের বিভিন্ন বিমানবন্দর ও রেলস্টেশনে হাজার হাজার যাত্রী আটকা পড়েছে। বড়দিনের কয়েক দিন আগে এই তুষারপাতে যোগাযোগব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ ডিসেম্বরের আগে বর্তমান পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই।ইউরোপের মধ্যে ব্যস্ততম লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার দিন ধরে সময়সূচির বিপর্যয় অব্যাহত রয়েছে। বিমানের স্বাভাবিক ফ্লাইটের তিন ভাগের মাত্র এক ভাগ ফ্লাইট চালু হয়েছে। নতুন করে ভারী তুষারপাত হওয়ায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্রান্সের প্যারিসে শার্ল দ্য গল ও ওর্লি বিমানবন্দরে সময়সূচি বিপর্যয় হয়েছে। তুষারপাতের কারণে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।ব্রিটিশ বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কলিন ম্যাথিউস ভ্রমণকারীদের উদ্দেশে বলেন, ‘হিথ্রো বিমানবন্দরের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার নির্দিষ্ট ফ্লাইট সম্পর্কে জানতে পারবেন। সেখানে ফ্লাইট ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়ে বিমানবন্দরে আসুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সময়সূচি বিপর্যয়ের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর সমালোচনার মুখে পড়েছে। হিথ্রো বিমানবন্দরে আটকে পড়া হাজারো যাত্রীর জন্য অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। সেখানে আটকে পড়া যাত্রীদের জন্য ম্যাট্রেসও সরবরাহ করা হয়েছে।ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে তারা অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। বিশেষ করে স্বল্প দূরত্বের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের মুখপাত্র অ্যান্ড্রু ম্যাককুলাম জানান, মঙ্গলবার বিমানবন্দরের রানওয়ে খুলে দেওয়া হয়েছে। তবে বিভিন্ন রুটের ফ্লাইট বাতিল ও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ার আশঙ্কা কাটেনি।জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে গত সোমবার শত শত ফ্লাইট বাতিল করা হয়। ওই দিনই তুষারপাত কিছুটা কমে এলেও গতকাল আবার বেড়ে যায়। ফ্লাইট বাতিল ও সময়সূচি বিপর্যয়ের কারণে বিমানবন্দরে এক হাজারেরও বেশি যাত্রী আটকা পড়ে। এএফপি, বিবিসি।