ইউরোপে তুষারপাত চলছেই ২৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বিভিন্ন দেশে বিরামহীন তুষারপাত চলছে। গত কয়েক দিনে পরিস্থিতির অবনতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাইবেরিয়া থেকে ধেয়ে আসা তুষারপাত আরও কিছুদিন চলবে। তাপমাত্রা আরও নিচে নেমে যাবে। প্রচণ্ড শীতে ও তুষারপাতজনিত দুর্ঘটনায় এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।এদিকে প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যায় আলবেনিয়া, বসনিয়া, সার্বিয়া ও মন্টেনিগ্রোর অনেক এলাকা তলিয়ে গেছে। সহস্রাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়শিবিরে উঠেছে। বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।গত কয়েক দিনে পোল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সে দেশের পুলিশ জানিয়েছে, ঠান্ডাজনিত কারণে ইতিমধ্যে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের অধিকাংশই গৃহহীন।রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, দেশটির রাজধানী মস্কোতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। গত বুধবার মস্কোয় তাপমাত্রা ছিল মাইনাস ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দেশটির কর্মকর্তারা বলছেন, এর আগে ১৯৩১ সালের ডিসেম্বর মাসে মস্কোয় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকালও মস্কোয় তুষারপাত অব্যাহত ছিল। সেখানে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঠান্ডাজনিত কারণ ও দুর্ঘটনায় জার্মানিতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি দেশটির নোয়ার স্যাক্সনি এলাকায় তুষার পরিষ্কার করার সময় ট্রেনে কাটা পড়েন।জার্মানিতে অবিরত তুষারপাতের ফলে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে কোনো ট্রেন চলাচল করেনি। এতে হাজার হাজার যাত্রী ট্রেনের ভেতরে রাত কাটাতে বাধ্য হন। ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালিসহ বিভিন্ন দেশের বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে। অনেক সড়কপথ ও নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। গতকাল ব্রিটেনের তাপমাত্রা আরও কমে যায়। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হতে পারে। গত বৃহস্পতিবার ব্রায়েমার ও এবারডিনশায়ারে তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে তাপমাত্রা ছিল মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস। লন্ডনের প্রধান বিমানবন্দর হিথ্রোতে বিমান চলাচল স্বাভাবিক ছিল না। এ ছাড়া দুই দিন বন্ধ থাকার পর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর গতকাল সকালে খুলে দেওয়া হয়েছে। ব্রিটেনে দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কটল্যান্ডেও বহু স্কুল বেশ কয়েক দিন ধরে বন্ধ রাখা হয়েছে। এএফপি, বিবিসি অনলাইন।