ইউরোপে তুষারপাতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে
ইউরোপে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র তুষারপাতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মহাদেশের কয়েকটি দেশের জনজীবন স্থবির হয়ে পড়েছে।পূর্ব ইউরোপের দেশগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত রোববার ঠান্ডায় জমে মারা যাওয়া গৃহহীন দুই ব্যক্তির সন্ধান পায় ফ্রান্স কর্তৃপক্ষ। এ নিয়ে ইউরোপজুড়ে কমপক্ষে ৩০৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনে ১৫০ জনেরও বেশি লোক মারা গেছে। দেশটির কোনো কোনো স্থানের তাপমাত্রা মাইনাস ৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। হাইপোথারমিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত দুই হাজার ৩০০ লোককে চিকিৎসা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে চলতি শীতকালে গত শনিবার থেকে প্রথম তুষারপাত শুরু হয়। গত রোববার রাজধানী লন্ডনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোর প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া শনিবার রাতে রানওয়েতে জমা হওয়া তুষারের কারণে স্ট্যানসটেড, বার্মিংহাম ও লুটন বিমানবন্দরেরও সব কার্যক্রম স্থগিত করা হয়। তবে পরের দিন রোববার থেকে আবার কার্যক্রম শুরু হয়। এ ছাড়া দেশটির মহাসড়কগুলোতে গত রোববার রাতে ছয় ইঞ্চি পুরু বরফের মধ্যে অনেক গাড়ি আটকা পড়ে।বসনিয়ায় সর্বকালের তীব্র তুষারপাতে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিতে এবং কয়েক হাজার আটকে পড়া লোকদের খাবার সরবরাহে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এএফপি।