ইউরোপে বিমান চলাচল বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ছাইয়ের মেঘের কারণে ইউরোপের অধিকাংশ স্থানজুড়ে বিমান চলাচলব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার বাতিল করা হয় কয়েক হাজার ফ্লাইট। এতে করে হাজার হাজার যাত্রী বিড়ম্বনার শিকার হচ্ছে।ছাইয়ের মেঘের কারণে যেসব দেশের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো হলো—যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড ও ফিনল্যান্ড। আংশিক বন্ধ করা হয়েছে লিথুনিয়া, সুইডেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও অস্ট্রিয়া।এর মধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ড গত বৃহস্পতিবার তাদের আকাশপথ বন্ধ করে দেয়।দেশের উত্তরাঞ্চলে ২৪টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ফ্রান্স। জার্মানির বার্লিন এবং হামবুর্গ বিমানবন্দর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এবং ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর গতকাল শুক্রবার সকালে বন্ধ হয়ে যায়।পোল্যান্ড তাদের বেশির ভাগ বিমানবন্দর শুক্রবার বন্ধ করে দিয়েছে। শুধু খোলা আছে দক্ষিণের দুটি বিমানবন্দর। আর অস্ট্রিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল থেকে তাঁরা তাঁদের বিমানবন্দর বন্ধ করে দিতে শুরু করেছেন।এ অবস্থা বহাল থাকলে বিমান দুর্ঘটনায় নিহত পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির শেষকৃত্যে বিশ্ব নেতাদের অনেকেই যোগ দিতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁর শেষকৃত্য আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া গত বৃহস্পতিবার ডেনমার্কের রানি মার্গারেটের জন্মদিনের উৎসবে যোগ দিতে পারেননি ইউরোপের অনেক নেতা।তবে সুইডেন গতকাল থেকে দেশের উত্তরাঞ্চলের বিমানপথগুলো চালু করতে শুরু করেছে। দক্ষিণের পথগুলোও পর্যায়ক্রমে খোলা হবে বলে জানানো হয়েছে। আইসল্যান্ডের এই আগ্নেয়গিরিটিতে গত বুধবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় আগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির জ্বালামুখের আকার প্রায় আধ কিলোমিটার। ওই জ্বালামুখ দিয়ে নির্গত শিলা-ধোঁয়ার কুণ্ডলী আকাশে প্রায় ১১ কিলোমিটার উঠে যাচ্ছে। এই তাপে আগ্নেয়গিরির আশপাশের বরফ গলে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরফগলা পানির দুটি ধারা হিমবাহ ধরে নিচে নেমে আসছে। এই পানির স্রোতের সঙ্গে পাহাড় বেয়ে নামছে ছোটখাটো বাড়ির আকারের বরফখণ্ড। আর গিরিমুখ দিয়ে নিক্ষিপ্ত ছাই ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়ছে বাতাসের মাধ্যমে।আইসল্যান্ড অঞ্চলের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আইনার কারতানসুন জানান, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এর ফলে ছাইয়ের মেঘ আরও কয়েক দিন এমনকি সপ্তাহ ধরে অব্যাহত থাকতে পারে। তবে এর ফলে কোন কোন অঞ্চলের বিমান চলাচলব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, তা নির্ভর করছে আবহাওয়ার ওপর। বাতাসের গতি যে দিকে থাকবে, ছাই সে দিকে যাবে।গত বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে পড়ে এ ছাই। দেশটির পরিবেশ সংরক্ষণকারী সংস্থা জানিয়েছে, এ ছাই পরীক্ষা করে দেখা হচ্ছে।তবে এ ছাই মানুষের স্বাস্থ্যের জন্য তেমন ক্ষতিকর নয় বলে জানানো হয়েছে। ব্রিটেনের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ভূমিতে যে ছাই পড়ছে, তা সহজে চোখে পড়ার মতো নয়।আগ্নেয়গিরির ছাইয়ে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আবাহওয়া অফিস থেকে সতর্ক করে দেওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস (ন্যাটস) বিমান চলাচলের ওপর বাধানিষেধ আরোপ করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগ্নেয়গিরির ছাই শুধু পাইলটের দৃষ্টি এলাকা কমিয়ে দেয় না, ধোঁয়ায় যে পাথর ও কাচের গুঁড়া এবং বালু থাকে, তা বিমানের ইঞ্জিন অচল করে দিতে পারে। বিবিসি, এএফপি।