ইউরোপে বোমা হামলার উল্লেখযোগ্য ঘটনা
নরওয়ের উটোইয়া দ্বীপে গত শুক্রবার ক্ষমতাসীন লেবার পার্টির যুব সম্মেলনে বন্দুকধারীর গুলিতে ৮৪ জন নিহত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে রাজধানী অসলোতে প্রধানমন্ত্রীর দপ্তরসহ কয়েকটি সরকারি বাসভবনে শক্তিশালী বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়। ইউরোপে এর আগেও কয়েকবার বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে। এ ধরনের কয়েকটি হামলা ও ষড়যন্ত্রের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো। মাদ্রিদ বোমা হামলা: ২০০৪ সালের ১১ মার্চ স্পেনের মাদ্রিদে দিনের ব্যস্ততম সময়ে একটি যাত্রীবাহী ট্রেনে বোমা হামলা হয়। ওই হামলায় ১৯১ জন নিহত এবং এক হাজার ৭০০ জন আহত হয়। এটি ইউরোপে ইসলামি জঙ্গিদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর অন্যতম।লন্ডন বোমা হামলা: ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের পরিবহন নেটওয়ার্কে দিনের ব্যস্ততম সময়ে ইসলামি জঙ্গিরা চারটি আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই হামলায় ৫২ জন নিহত ও প্রায় ৭০০ জন আহত হয়। এর দুই সপ্তাহ পর লন্ডনে আরেকটি ব্যর্থ বোমা হামলার চেষ্টা করা হয়।লন্ডন ও গ্লাসগো হামলা: ২০০৭ সালের ২৯ জুন লন্ডনের একটি নাইট ক্লাবের কাছ থেকে পুলিশ দুটি গাড়িবোমা উদ্ধার করে। তবে বিস্ফোরণের আগেই বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। এর এক দিন পর একটি পেট্রলভর্তি গাড়ি নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়।বার্সেলোনা ষড়যন্ত্র: ২০০৮ সালে স্পেনের বার্সেলোনার পাতালরেলে আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র করা হয়। ২০০৯ সালে স্পেনের আদালত ওই ষড়যন্ত্রের অভিযোগে ১০ জন পাকিস্তানি ও এক ভারতীয়কে কারাদণ্ডাদেশ দেন।বিমানবন্দর ষড়যন্ত্র: ২০০৬ সালের আগস্টে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কমপক্ষে সাতটি যাত্রীবাহী বিমান একযোগে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়। এ ঘটনায় তিন ব্রিটিশ নাগরিককে অভিযুক্ত করা হয়।সুইডেন ও ডেনমার্ক ষড়যন্ত্র: ২০১০ সালের ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকালে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণে ১ জন সুইডিশ নিহত হয়। একই মাসে গণহত্যার ষড়যন্ত্রের অভিযোগে ডেনমার্কে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রয়টার্স।