ইউরোপে ভয়াবহ তুষারপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতাব্দীর ভয়াবহতম তুষারপাতের কবলে পড়েছে ইউরোপ। সেখানকার অনেক এলাকায় তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ার, প্রধান প্রধান বিমানবন্দর ও বাস চলাচল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। স্কটল্যান্ডের রাস্তায় তুষারকবলিত গাড়ি উদ্ধার এবং রাস্তা চলাচলের উপযোগী করতে সেনাবাহিনী নামানো হয়েছে। পর্তুগালে তুষারঝড়ে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্পেনে তুষারের স্তূপ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, গত ১০০ বছরের মধ্যে সেখানে এটাই সবচেয়ে শীতল ডিসেম্বর মাস। তাদের মতে, আগামী সপ্তাহে আরেক দফা তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদমাধ্যম বলেছে, গত বুধবার তুষারপাতের কারণে প্যারিসের রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার ওপর চার ইঞ্চি পুরু বরফের স্তর জমে যায়। বহু গাড়ি তুষারের স্তূপে আটকা পড়ে। ঠান্ডার তীব্রতার কারণে জরুরি ভিত্তিতে আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়। তাপমাত্রা মাইনাস ১৮ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে এলে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ১০০টি ফ্লাইট নির্ধারিত সময়ে ওঠানামা করতে পারেনি। এয়ার ফ্রান্স বলেছে, হাজার হাজার যাত্রী বুধবার বিমানবন্দরে আটকা পড়েছিল। প্যারিসের দ্বিতীয় বিমানবন্দর ওরলিতে রানওয়েতে জমে থাকা তুষার সরানোর কাজ করতে গিয়ে কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়েছে বলেও খবর পাওয়া গেছে। এ ছাড়া সেখানকার সাড়ে তিন শ বাস রুটের অধিকাংশই বুধবার রাতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাঘাটে আটকে পড়া গাড়ি এবং চালক ও যাত্রীদের উদ্ধার করতে সেখানে পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। মঙ্গলবার রাতে ইংল্যান্ডের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং স্কটল্যান্ডে ছিল হিমাঙ্কের নিচে ১৫ ডিগ্রি সেলসিয়াস। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমোন্ড বলেছেন, দেশকে সচল রাখতে তাঁরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে স্বেচ্ছাসেবকের কাজে নেমে পড়ার নির্দেশ দেন। এ ছাড়া তিনি সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফা জরুরি বৈঠক করেন। গত বুধবার নর্থ ইয়র্কশায়ারের হোয়াইটবাই থেকে শতাধিক আটকে পড়া মোটর গাড়ি উদ্ধার করা হয়। স্কটল্যান্ড এবং ইস্ট অ্যাংলিয়ায় বহু পেট্রল স্টেশনের জ্বালানি তেল ফুরিয়ে গেছে। এ কারণে জরুরি যান চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। পর্তুগালে গত মঙ্গলবার তুষারপাতের সঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় সেখানে বেশ কিছু বাড়িঘর ভেঙে পড়েছে। এ ছাড়া গাছপালা ভেঙে পড়ে কোথাও কোথাও রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ ঘটনায় সেখানে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ইংল্যান্ডের আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ডিসেম্বর মাসের গড় তাপমাত্রা ০.২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। পূর্বাভাসবিষয়ক কর্মকর্তা জন হ্যামোন্ড বলেছেন, এবারের ডিসেম্বর মাস গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে শীতল ডিসেম্বর হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে। আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে শিগগিরই আরেক দফা তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর শীতের প্রকোপে ইংল্যান্ড ও ওয়েলসে ২৫ হাজারের বেশি লোক মারা যায়। তাদের অধিকাংশের বয়স ৭৫ বছরের বেশি। এএফপি ও ডেইলি মেইল অনলাইন।