ইউরোপে রেল নেটওয়ার্কে হামলার ষড়যন্ত্র আল-কায়েদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা ইউরোপের উচ্চগতিসম্পন্ন রেল নেটওয়ার্কে হামলার ষড়যন্ত্র করছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গতকাল সোমবার জার্মানির বহুল প্রচারিত ‘ডেইলি বিল্ড’ পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’র।

খবরে বলা হয়, আন্তর্জাতিক এই সন্ত্রাসী গোষ্ঠী ট্রেন, সুড়ঙ্গ পথ, ট্রাক বা বৈদ্যুতিক তারে বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে পারে। শীর্ষ আল-কায়েদা নেতাদের কথোপকথন ধারণ করে তা শুনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এ তথ্য পেয়েছে।

ইউরোপের রেল নেটওয়ার্কে হামলাই ছিল এই কথোপকথনের মূল আলোচ্য।

হামলা পরিকল্পনার তথ্য জানার পর জার্মানির গুরুত্বপূর্ণ রেল ও বাস স্টেশনে সাদা পোশাকের পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা কর্মকর্তারা এ মাসের শুরুতে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির সঙ্গে ২০ জনেরও বেশি কর্মীর কনফারেন্সের মাধ্যমে কথাবার্তার বিষয়টি গোপনে ধারণ করে এ থেকে এসব তথ্য জানতে পারেন। যুক্তরাষ্ট্র ও তার মিত্র কয়েকটি দেশ বড় ধরনের হামলার আশঙ্কায় কয়েকটি মুসলিম দেশে দূতাবাস বন্ধ রাখার কথা ভাবছে।

১ আগস্ট আল-কায়েদা বিশ্বব্যাপী একটি সতর্কবার্তা জারি করে যে আল-কায়েদা মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকায় হামলার পরিকল্পনা করছে।