ইউরোপে রেলব্যবস্থায় হামলার ষড়যন্ত্র করছে আল-কায়েদা
ইউরোপের উচ্চগতিসম্পন্ন রেল যোগাযোগব্যবস্থায় হামলার ষড়যন্ত্র করছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা। জার্মানি থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা বিল্ড বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গতকাল সোমবার এ খবর প্রকাশ করেছে।খবরে বলা হয়, ট্রেন ও সুড়ঙ্গপথে বোমা পেতে অথবা রেললাইন ও বৈদ্যুতিক তারে বিপর্যয় ঘটিয়ে জঙ্গিরা নাশকতামূলক তৎপরতা চালাতে পারে। আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতাদের টেলিফোনে আলাপ থেকে এ ধরনের নাশকতার পরিকল্পনার আভাস পেয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। আল-কায়েদার ওই নেতারা ইউরোপের রেল যোগাযোগব্যবস্থার ওপর হামলা চালানোর ব্যাপারে আলাপ করছিলেন।পত্রিকাটি আরও জানায়, জার্মানির কর্তৃপক্ষ এ ধরনের জঙ্গি হামলার হুমকি সম্পর্কে জানার পর আগাম বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও প্রধান প্রধান রেলপথে সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এএফপি।