ইউরোপে হামলা চালানোর হুমকি দিলেন গাদ্দাফি
লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ন্যাটোর হামলার প্রতিশোধ হিসেবে ইউরোপের দেশগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন। গত শুক্রবার রাজধানী ত্রিপোলির গ্রিন স্কয়ারে সমবেত হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ হুমকি দেন। অজ্ঞাত স্থান থেকে দেওয়া তাঁর এ ভাষণ লাউড স্পিকারে শোনানো হয়।ন্যাটোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি সিদ্ধান্ত নিই, পঙ্গপাল ও মৌমাছির মতো আমরা ইউরোপে ছড়িয়ে পড়তে সক্ষম। একটা বিপর্যয়ের মুখোমুখি হওয়ার আগে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা তোমাদের (ন্যাটো বাহিনী) পরামর্শ দিচ্ছি।’ ফ্রান্স লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে, এ খবর নিশ্চিত করার পরপরই গাদ্দাফির কাছ থেকে এমন ঘোষণা এল। গাদ্দাফি তাঁর ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যাটো যদি হামলা বন্ধ না করে, লিবিয়ার মানুষ ইউরোপে পাল্টা হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘তোমরা যেভাবে আমাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছ, তোমাদের বাড়ি, অফিস, পরিবার লক্ষ্য করে হামলা চালাতে লিবিয়ার মানুষ একদিন এ যুদ্ধকে ইউরোপে নিয়ে যেতে পারে।’গাদ্দাফি তাঁর সমর্থকদের লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকা অভিমুখে যাত্রা করার আহ্বান জানান। ফ্রান্স ওই এলাকাটিতেই বিদ্রোহীদের মধ্যে অস্ত্র সরবরাহ করছে।গাদ্দাফি সমর্থকদের শুক্রবারের সমাবেশটি ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বড়। গাদ্দাফির সমর্থনে সেখানে হাজার হাজার লোক জড়ো হয়।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল গাদ্দাফির উদ্দেশ্যে বলেছন, ‘ইউরোপীয় নাগরিকদের ওপর হামলার হুমকি দেওয়ার পরিবর্তে পদত্যাগ করুন’।স্পেন সফররত হিলারি বলেন, হুমকি-ধামকি দেওয়ার বদলে গাদ্দাফির উচিত তাঁর নিজের দেশের জনগণের কল্যাণ ও স্বার্থ দেখার এবং লিবিয়াকে গণতন্ত্রের পথে উত্তোরণে সাহায্য করার জন্য পদত্যাগ করা।গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে না এইউ: এদিকে গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। গত শুক্রবার এইউর এক সম্মেলনে বলা হয়, ওই গ্রেপ্তারি পরোয়ানা গাদ্দাফি বাহিনী ও লিবিয়ার বিদ্রোহীদের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা সৃষ্টি করেছে। সম্মেলনে আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, এইউর সদস্য দেশগুলো গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে কোনো সহায়তা করবে না। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান জ্যাঁ পিং সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে, আইসিসি কেবল আফ্রিকানদের বিচারের ব্যাপারেই আগ্রহী। তাঁরা এ ধরনের বিচারের বিরোধিতা করেন।উল্লেখ্য, গত সোমবার কর্নেল গাদ্দাফি, তাঁর ছেলে সেইফ আল-ইসলাম এবং লিবিয়ার গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল-সেনুসির বিরুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এএফপি।