ইউরোপে 'রাজনৈতিক ভূমিকম্প' চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ মহাদেশে চলতি বছরজুড়ে চলতে পারে ‘রাজনৈতিক ভূমিকম্প’। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। নতুন কয়েকটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়তে পারে এবং নির্বাচনে জয়ের মাধ্যমে তারা মূলধারার দলগুলোকে কোণঠাসা করতে পারে। খবর বিবিসির।

অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট-এর সঙ্গে যুক্ত ইআইইউ বলছে, ইউরোপে অভিজাত শ্রেণি এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যবধানের কারণে ‘গণতন্ত্রের সংকট’ দেখা দিয়েছে। ইউরোপীয় রাজনীতিতে বড় ধরনের শূন্যতা রয়েছে, যা পূরণ করতে আদর্শ চিন্তাচেতনার আবির্ভাব প্রয়োজন। বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমছে। উল্লেখযোগ্য হারে কমছে মূলধারার রাজনৈতিক দলগুলোর সদস্যসংখ্যাও। আর যুক্তরাজ্যের আগামী মে মাসের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই ‘দীর্ঘ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই’। ইআইইউ বলছে, এ নির্বাচনে ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির (ইউকেআইপি) সাফল্যের সম্ভাবনা বেশি। দলটি দুই প্রধান দল কনজারভেটিভ ও লেবার পার্টির ভোটের একটি অংশ বাগিয়ে নিতে পারে। আর তাই লন্ডনে একটি অস্থিতিশীল সরকার গঠিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

 গ্রিসে নতুন শক্তির উত্থানের ফলে রাজনীতির ধারা পাল্টে গেছে। ২৫ জানুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কট্টর বামপন্থী সিরজিয়া পার্টি এবার সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে জনমত জরিপ ইঙ্গিত মিলেছে। কিন্তু তাহলে স্থিতিশীল একটি সরকার গঠন করা কঠিন হয়ে পড়বে। সংখ্যাগরিষ্ঠতার অভাবে গত ডিসেম্বরে গ্রিসের পার্লামেন্ট একজন প্রেসিডেন্ট বাছাই করতে ব্যর্থ হয়।

ডেনমার্ক, ফিনল্যান্ড, স্পেন, ফ্রান্স, সুইডেন, জার্মানি ও আয়ারল্যান্ডেও পরবর্তী নির্বাচনের ব্যাপারে কোনো জোরালো ভবিষ্যদ্বাণী করা সম্ভব হচ্ছে না। ইআইইউ বলেছে, এ দেশগুলোর মধ্যে একটি বিশেষ ক্ষেত্রে মিল দেখা যায়: মূলধারার বাইরের দলগুলো জনপ্রিয় হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বড় অংশজুড়ে রাজনৈতিক দলগুলোর প্রতি জনমনে বড় ধরনের পরিবর্তন এসেছে। এতে রাজনৈতিক ভাঙন ও বড় ধরনের সংকট দেখা দেওয়ার ঝুঁকি বেড়েছে।

বাম, ডান ও অস্পষ্ট আদর্শের জনপ্রিয় বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক দল এখন পুরোনো সামাজিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর জায়গা নিয়ে নিচ্ছে। সরকারের অভিবাসন ও ব্যয় সংকোচননীতির বিরুদ্ধে বিভিন্ন স্থানে শক্তিশালী জনমত তৈরি হচ্ছে।

ইআইইউর হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে বিশ্বের অন্তত ৯০টি দেশে বড় ধরনের বিক্ষোভ-আন্দোলন হয়েছে। তরুণ, শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন এসব আন্দোলনে নেতৃত্ব দেয়। মূলধারার রাজনৈতিক নেতাদের প্রতি ওই বিক্ষোভকারীরা অসন্তুষ্ট। তারা ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোকে আন্দোলন গড়ে তোলার জন্য কাজে লাগাতে পছন্দ করে। ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও লাতিন আমেরিকা অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের আন্দোলন জোরদার হচ্ছে। তবে এশিয়া, উত্তর আমেরিকাসহ বিশ্বের বাকি অংশগুলোতে এ ধরনের আন্দোলনের ভবিষ্যৎ সাফল্য নিয়ে সংশয় রয়েছে। তবে তা একেবারে বাতিল করে দেওয়াও যায় না। অর্থনৈতিক সংকট, স্বৈরশাসনের বিরুদ্ধে বিদ্রোহ, অভিজাত শ্রেণির রাজনীতিকদের বিরুদ্ধে ক্ষোভ, দ্রুতবর্ধমান বাজারব্যবস্থায় নতুন মধ্যবিত্ত শ্রেণির উত্থান ইত্যাদি কারণে এসব আন্দোলন গড়ে উঠছে। পশ্চিমা বিশ্বে গণতন্ত্রের যে চেহারা, তা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে একেবারেই অনুপস্থিত। সব মিলিয়ে বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক পরিবর্তনের ডামাডোলে এখন ‘পুরোনো’ ধারার গণতন্ত্রের ভবিষ্যৎ অস্পষ্ট।