ইউরোপের ঝড়ে ১৪ জনের মৃত্যু
উত্তর-পশ্চিম ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া হারিকেনের মতো শক্তিশালী ঝড়ের কারণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গত দুই দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে বড় এই প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে যোগাযোগব্যবস্থায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে।
ঝড়ে নিহত ১৪ জনের মধ্যে সাতজনই জার্মানির। এ ছাড়া যুক্তরাজ্যে চারজন এবং নেদারল্যান্ডস, ডেনমার্ক ও ফ্রান্সে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। জার্মানিতে গাছের নিচে চাপা পড়ে কয়েকজন গাড়িচালক নিহত হওয়ার পাশাপাশি অন্তত একজন পানিতে ডুবে এবং একজন দেয়াল চাপা পড়ে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। এ ঝড় দেশটির দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। লন্ডনের দক্ষিণ-পূর্বে অবস্থিত কেন্টে নিজ বাড়িতে গাছচাপায় নিহত হয় ১৭ বছর বয়সী এক তরুণী। লন্ডনের উত্তরে অবস্থিত ওয়াটফোর্ড শহরে গাছের নিচে গাড়িচাপায় নিহত হন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। পশ্চিম লন্ডনে গাছ উপড়ে পড়ার পর রাস্তার কাছে সম্ভাব্য গ্যাসপাইপ লাইনে বিস্ফোরণে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি বাড়ি থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।
যুক্তরাজ্যে প্রাণহানির পাশাপাশি অবকাঠামোগত এবং অন্যান্য ক্ষয়ক্ষতিও উল্লেখ করার মতো। ঝড়ের কারণে একটি বিশাল ক্রেন লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাবিনেট অফিস মন্ত্রণালয়ের কার্যালয়ে ঢুকে পড়ে। এ কারণে ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগ তাঁর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করতে বাধ্য হন।
শত শত গাছ উপড়ে রাস্তার ওপরে পড়ায় এবং বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়ায় লন্ডনের সঙ্গে বিভিন্ন অঞ্চলের ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিশ্বের অন্যতম ব্যস্ততম হিথরো বিমানবন্দরের নির্ধারিত ১৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাজ্যের চার লাখ ৮৬ হাজার বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা বিদ্যুৎহীনভাবে কাটাচ্ছে বলে জানিয়েছে ইউকে পাওয়ার নেটওয়ার্কস। এর আগে ১৯৮৭ সালে ইংল্যান্ডে আঘাত হানা ভয়াবহ ঝড় ‘গ্রেট স্টর্ম’-এর প্রভাবে এক লাখ স্থাপনা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন ছিল। সে সময় ঝড়ে এক কোটি ৫০ লাখ গাছ উপড়ে পড়েছিল। সেবার প্রাণহানির সংখ্যা ছিল ১৮।
এবারের ঝড়টি যুক্তরাজ্যে আঘাত হানার পর পূর্ব দিকে ইউরোপের মূল ভূখণ্ডের দিকে যায়। নেদারল্যান্ডসের ওপর দিয়ে ১৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ে উপড়ে পড়া গাছগুলো অসংখ্য গাড়ি ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি করেছে। রাজধানী আমস্টারডামের দুটি বিমানবন্দরের অন্তত ৫০টি ফ্লাইটি বাতিল করা হয়েছে।
উত্তর-পশ্চিম ফ্রান্সের ব্রিটানি উপকূলের কাছের একটি দ্বীপে হাঁটার সময় ঝড় এক ব্যক্তিকে উড়িয়ে সমুদ্রে নিয়ে ফেলে। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডেনমার্কের গিলিলিজে এলাকায় দেয়ালচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুইডেন, বেলজিয়ামসহ আরও কয়েকটি দেশে ঝড়ে ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রয়টার্স ও বিবিসি।