ইউরোপের দেশগুলোতে বিমান চলাচল স্বাভাবিক হয়ে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয় ছাইয়ের মেঘ হালকা হয়ে আসায় ইউরোপের দেশগুলোতে বিমান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। বুধবার অধিকাংশ বিমানবন্দর দিয়ে বিমান ওঠানামা করেছে। তবে ফ্লাইট-জট কাটাতে সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে।গত বুধবার আগে থেকে নির্ধারিত ফ্লাইটগুলোর তিন-চতুর্থাংশই গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে গত এক সপ্তাহে প্রায় ৯৫ হাজার ফ্লাইট বাতিল হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে। আইসল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতকাল জানিয়েছে, এয়াকিউয়াতলুয়োকুটল আগ্নেয়গিরির লাভা ও ছাই উদিগরণের পরিমাণ প্রায় ৮০ ভাগ কমে এসেছে। তবে যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ইউরোপের আকাশে ছড়িয়ে পড়ায় প্রায় এক সপ্তাহ ধরে ইউরোপের দেশগুলো বিমান চলাচল বন্ধ বা ব্যাপকভাবে সীমিত রাখতে বাধ্য হয়।গত মঙ্গলবার থেকে কয়েকটি দেশ বিমান চলাচল শুরু করেছিল। এরপর গতকাল বুধবার ইউরোপের সব দেশেই বিমান চলাচল করেছে।ইউরোপের দেশগুলোর বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ইউরোকন্ট্রোল গতকাল জানায়, বুধবারের নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে প্রায় ৭৫ শতাংশ চলাচল করার কথা আছে। আর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘ইউরোকন্ট্রোল আশা করছে, সারা ইউরোপে বুধবার প্রায় ২১ হাজার ফ্লাইট চলাচল করতে পারবে। স্বাভাবিক অবস্থায় এ দিন প্রায় ২৮ হাজার ফ্লাইট চলাচল করে।’ফ্রান্সের প্যারিস, স্পেনের মাদ্রিদ ও জার্মানির ফ্রাঙ্কফুর্টসহ ইউরোপের প্রধান প্রধান নগরের ব্যস্ত বিমানবন্দরগুলোতে গতকাল যাত্রীদের দীর্ঘ লাইন ছিল। রানওয়ে থেকে বিমান উড্ডয়নের পর অপেক্ষমাণ অনেক যাত্রীকে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি টিকিট আছে এমন যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যাঁদের ফ্লাইট আগে বাতিল হয়ে গেছে, তাঁদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। এ ছাড়া বিভিন্ন দেশে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অতিরিক্ত ফ্লাইট চালুর চিন্তাভাবনা করছে বিমান সংস্থাগুলো।প্যারিসের প্রধান বিমানবন্দর শার্ল দ্য গল এবং অপেক্ষাকৃত ছোট অর্লিতে গতকাল দূরপাল্পার ফ্লাইটগুলোর প্রায় শতভাগ চলাচল করেছে।জার্মানির সব বিমানবন্দর দিয়ে গতকাল থেকে বিমান ওঠানামা করছে। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফথানসার প্রধান ভলফগ্যাং মায়ারহুবার জানিয়েছেন, তারা সামর্থ্যের এক-তৃতীয়াংশ ফ্লাইট পরিচালনা করবে। মায়ারহুবার বলেন, ‘আমরা প্রায় পাঁচ শ’ ফ্লাইট চালাতে পারব।’ লুফথানসা সাধারণত প্রতিদিন এক হাজার ৮০০ ফ্লাইট চালায়।ব্রিটিশ বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর লন্ডনের হিথ্রোতে প্রথম অবতরণ করে কানাডার ভ্যাঙ্কুভার থেকে আসা একটি বিমান।ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর দিয়ে তাদের দূরপাল্লার সব ফ্লাইট চলাচল করেছে। তবে স্বল্প দূরত্বের ফ্লাইটগুলোর কিছু বাতিল করা হতে পারে। এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, তারা যত বেশি সম্ভব ফ্লাইট চালানোর চেষ্টা করছে।এদিকে ইউরোপগামী ফ্লাইটগুলো চালু হওয়ায় এশিয়ায় আটকে পড়া হাজার হাজার ইউরোপীয় দেশে ফিরতে শুরু করেছেন। সিডনি থেকে সিউল, ইসলামাবাদ থেকে বেইজিং সব বিমানবন্দরে গতকাল ভিড় জমান ইউরোপের নাগরিকেরা। এয়ার চায়না জানিয়েছে, তারা ইউরোপের সব ফ্লাইট পরিচালনা করতে শুরু করেছে।সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশে সিঙ্গাপুর এয়ারলাইনসের আটটি বিমান ছেড়ে যায় এবং আটটি বিমান সেখানে অবতরণ করে।অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক এয়ারলাইনস জানিয়েছে, ইউরোপে বিমান চলাচল বন্ধ থাকায় এই অঞ্চলের বিমান কোম্পানিগুলো প্রতিদিন চার কোটি মার্কিন ডলার লোকসান দিয়েছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপী বিমান কোম্পানিগুলো প্রতিদিন লোকসান দিয়েছে প্রায় ২৭ কোটি মার্কিন ডলার। এএফপি, বিবিসি।