আইসল্যান্ডের এয়াকিউয়াতলুয়োকুটল আগ্নেয়গিরির ছাইয়ের মেঘ ইউরোপের বিমান চলাচল পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। ছাইয়ের মেঘ এখন উত্তরে আর্কটিক বৃত্ত থেকে দক্ষিণে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। পূর্ব-পশ্চিমে তা ছড়িয়েছে স্পেন থেকে রাশিয়ার দিকে। ছাইমেঘের ব্যাপকতায় গতকাল রোববার অন্তত ৩০টি দেশ বিমান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়েছে। বিমান চলাচলবিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে বিমান চলাচলে এত বড় বিপর্যয় আর হয়নি। তাঁরা আরও বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর বিশ্বে যতগুলো ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, এ অগ্ন্যুৎপাতের কারণে এর চেয়েও অনেক বেশি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ইউরোপভিত্তিক ৩৮টি দেশের বিমানপথের নিয়ন্ত্রক সংস্থা ইউরোকন্ট্রোল বলেছে, শনিবার ১৭ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার ফ্লাইট বাতিল হয় ১৮ হাজার। কর্মকর্তারা বলেছেন, গতকাল চতুর্থ দিনের মতো ফ্লাইট-বিপর্যয় হওয়ায় বিমান কোম্পানিগুলোর কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে। কিন্তু আপাতত তাঁদের কিছুই করার নেই। তবে নেদারল্যান্ডসহ কয়েকটি দেশ পরীক্ষামূলকভাবে বিমান চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।ব্রিটেন বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা গতকাল রোববার রাত পর্যন্ত বাড়ায়। গতকাল লন্ডন থেকে কোথাও কোনো ফ্লাইট যায়নি অথবা বাইরের কোনো বিমান লন্ডনে প্রবেশ করেনি। জার্মানি, স্ক্যান্ডিনেভিয়ান ও মধ্য ইউরোপের বেশির ভাগ দেশ গতকালও তাদের সব ফ্লাইট স্থগিত রাখতে বাধ্য হয়। ইতালি ও স্পেন জানিয়েছে, তারা তাদের উত্তরাঞ্চলের আকাশে বিমান চলতে দেবে না। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, ছাইমেঘ এখন গ্রিস ও রাশিয়ার দিকে ধাবিত হচ্ছে। এ সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত এ অবস্থা থাকতে পারে বলে তাঁরা সতর্ককরেছেন। ইউরোপের এই ফ্লাইট-বিপর্যয়ে সারা বিশ্বের লাখ লাখ ভ্রমণকারী নানা জায়গায় আটকে গেছেন। এ বিপর্যয়ের কারণে কয়েক দিন আগে বিমান দুর্ঘটনায় নিহত পোলিশ প্রেসিডেন্ট লেখ কাচজিনস্কি ও তাঁর স্ত্রীর শেষকৃত্যানুষ্ঠানে গতকাল রোববার বহু বিশ্বনেতা যোগ দিতে পারেননি। পোল্যান্ডের ক্রাকভ শহরে অনুষ্ঠিত ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ব্রিটেনের প্রিন্স চার্লস, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং উন চ্যাং, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসোসহ বহু দেশের শীর্ষ নেতার যোগ দেওয়ার কথা ছিল। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন জানিয়েছে, বিমান চলাচল বন্ধ থাকায় বিমান কোম্পানিগুলোর প্রতিদিন গড়ে ২০ কোটি ডলার লোকসান হচ্ছে।