ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার পেল মালালা

পাকিস্তানের স্কুলছাত্রী ও নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই ইউরোপের সাখারোভ মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছে। বিবিসি আজ বৃহস্পতিবার জানিয়েছে, নারী অধিকার নিয়ে প্রচার চালানোর কারণে ১৬ বছর বয়সী এই পাকিস্তানি কিশোরীর ওপর হামলা চালায় উগ্র ইসলামপন্থী তালেবানেরা। সে সময় মালালা মাথায় গুলিবিদ্ধ হয়।
সোভিয়েত পদার্থবিদ ও ভিন্নমতাবলম্বী আন্দ্রেই সাখারোভের স্মরণে প্রতি বছর ইউরোপীয় পার্লামেন্ট বাকস্বাধীনতার জন্য এ পুরস্কার দেয়। ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার হিসেবে বিবেচিত সাখারোভ পুরস্কারের বিজয়ীদের ৫০ হাজার ইউরো দেওয়া হয়।
এ বছর পুরস্কারটির আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন।
২০০৯ সালে মালালা তালেবানশাসিত পাকিস্তানে তার জীবন ও পাকিস্তানে নারীশিক্ষার অভাব নিয়ে বিবিসি উর্দুর জন্য একটি ব্লগে লেখালেখি শুরু করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘের সাধারণ সম্মেলনে ভাষণ দেয় মালালা। এ ভাষণের পর শ্রোতারা তাকে দাঁড়িয়ে সম্মান জানান।
স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠায় প্রচারকাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে মালালা অবিশ্বাস্য সাহসের পরিচয় দিয়েছে।
সাখারোভ পুরস্কারের বিজয়ীদের একটি স্বতন্ত্র তালিকায় মালালার নাম রাখা হয়। এ তালিকায় মালালা ছাড়াও দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ও মিয়ানমারের নেত্রী অং সান সু চির নাম ছিল।
আসছে নভেম্বরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালার হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি।