ইউরোপের ‘সবচেয়ে পুরোনো’ গুহাচিত্রের সন্ধান
লাল বিন্দু, হাতের ছাপ ও পশুপাখি নিয়ে আঁকা কিছু ছবি ইউরোপে এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরোনো গুহাচিত্রের স্বীকৃতি পেতে পারে। প্রাচীন গুহাচিত্রের জন্য ইতিমধ্যেই বিখ্যাত স্পেনের আলতামিরা, এল কাস্তিয়ো ও তিতো বুস্তিয়োর মতো ১১টি স্থানে এসব গুহাচিত্রের নিদর্শন রয়েছে। এই ছবিগুলো বহু পুরোনো বলে আগে থেকেই স্বীকৃত। তবে এবার গবেষকেরা বিশেষ কৌশল ব্যবহার করে এর আসল বয়স নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন। ছবি ও নকশাগুলোর মধ্যে একটি ম্লান হয়ে আসা লাল বিন্দু ৪০ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। এল কাস্তিয়ো, আলতামিরা ও তিতো বুস্তিয়ো জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালিস্টার পাইক বলেন, ‘এল কাস্তিয়োয় আমরা হাতের ছাপের বেশ কিছু গুহাচিত্র পেয়েছি। এগুলোর একটি ৩৭ হাজার ৩০০ বছরেরও বেশি পুরোনো। এর পাশে একই কৌশলে লাল বিন্দু দিয়ে আঁকা একটি গুহাচিত্র রয়েছে। এটি ৪০ হাজার ৮০০ বছরেরও বেশি পুরোনো।’অ্যালিস্টার পাইক সাংবাদিকদের বলেন, এখন ইউরোপের সবচেয়ে পুরোনো বলে যে ছবিগুলো স্বীকৃত, তার চেয়ে এগুলো অন্তত চার হাজার বছর আগের। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়াও জিলাও মনে করেন এত পুরোনো বলে এই গুহাচিত্রগুলো নিয়ানডার্থাল মানুষের আঁকা হতে পারে। তবে তিনি বলেন, ‘আমরা এখনো এটা প্রমাণিত দাবি করছি না। কারণ, এখনই তা পুরোপুরি প্রমাণ করা সম্ভব নয়। আমাদের আরও নমুনা সংগ্রহ করে দেখতে হবে, এগুলো সত্যিই ৪২, ৪৩ বা ৪৪ হাজার বছর আগের হতে পারে কি না।’ বিবিসি।