নতুন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনৈতিক সংকট নিরসনে জার্মানির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে বার্লিনে গুরুত্বপূর্ণ বৈঠকে এ প্রতিশ্রুতি দেন।ঋণসংকটে জর্জরিত গ্রিসকে ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত রাখার ব্যাপারে উভয় নেতা একমত হন। তাঁরা আগামী বুধবার অনানুষ্ঠানিক একটি সম্মেলনে অংশ নেবেন। ইউরো মুদ্রা ব্যবহারকারী ১৭ দেশের সমর্থনে সম্ভাব্য ইউরোবন্ড চালুর বিষয়টি উল্লেখ করেন ওলাঁদ। তবে জার্মানি বরাবরই ইউরোবন্ডের বিরোধিতা করে আসছে।ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই অর্থনীতি চাঙা হবে।ওলাঁদ ইইউর রাজস্বসংক্রান্ত চুক্তির এমন পরিবর্তন চান, যাতে চুক্তিবদ্ধ দেশগুলো নিজ নিজ বাজেট ভারসাম্য রক্ষায় বাধ্য হয়। নির্বাচনী প্রচারের সময় তিনি এমনটাই বলেছিলেন। তবে জার্মানি ওই চুক্তির নিয়মকানুন পরিবর্তনে রাজি নয়। জার্মান চ্যান্সেলর বলেন, ‘গ্রিসের অর্থনীতি চাঙা করতে ফ্রান্স ও জার্মানি বাড়তি উদ্যোগ নিতে চায়। আমরা গ্রিসকে ইউরোর অন্তর্ভুক্ত রাখতে চাই এবং গ্রিসের বেশির ভাগ মানুষও সম্ভবত তা-ই চান।’ইইউ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণসহায়তা গ্রহণকারী গ্রিস ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ইউরো অঞ্চলের শক্তিশালী দুই অর্থনীতির দেশ জার্মানি ও ফ্রান্স এই ঋণসহায়তা তহবিলের সবচেয়ে বড় জোগানদাতা। ইউরোপকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করতে এ দুটি দেশই কৌশলগত সিদ্ধান্ত নেবে।চলতি বছরের প্রথম তিন মাসে ফ্রান্সের অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হয়নি। এ ছাড়া গত বছরের শেষ তিন মাসে প্রবৃদ্ধি আগের তুলনায় নেমে গিয়েছিল। তবে জার্মানির অর্থনীতি চলতি বছরের প্রথম তিন মাসে প্রত্যাশার চেয়েও ভালো অবস্থানে ছিল।ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে গত মঙ্গলবার পাঁচ বছরের জন্য শপথ নেন ওলাঁদ। তিনি প্রধানমন্ত্রী হিসেবে সমাজতন্ত্রী নেতা জ্যাঁ-মাখত অ্যাহুর নাম ঘোষণা করেন। দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই বার্লিনের পথে রওনা হন ওলাঁদ। তবে বজ্রাঘাতের কারণে তাঁর বিমান প্যারিসে ফিরিয়ে আনা হয়। নতুন প্রেসিডেন্ট এরপর আরেকটি বিমানযোগে যাত্রা করেন এবং নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বার্লিনে পৌঁছান। তবে আঙ্গেলা মেরকেল ওই বজ্রের আঘাতকে ওলাঁদের জন্য ‘শুভ লক্ষণ’ বলে মন্তব্য করেন। বিবিসি।