ইউসিপিএন-এম থেকে প্রচণ্ডের ছেলে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ক্ষমতাসীন দল ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অব নেপাল-মাওয়িস্টের (ইউসিপিএন-এম) প্রধান পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ডের ছেলে প্রকাশ দহলকে দল ও ক্ষমতাধর একটি কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে। ছাত্রসংগঠনের এক নেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে প্রকাশের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।মাওবাদী মুখপাত্র দীননাথ শর্মা বলেন, দলের সাধারণ সদস্য ও নিওয়া স্টেট কমিটি থেকে প্রকাশকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২৯ বছর বয়সী প্রকাশ দহল দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। তাঁর এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। ছাত্রসংগঠন অখিল নেপাল রাষ্ট্রীয় স্বতন্ত্র বিদ্যার্থী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বীণা মাগারের সঙ্গে প্রকাশের ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে বলে সম্প্রতি বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। পিটিআই।