ইকুয়েডরে আশ্রয় চাইলেন স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন মার্কিন সরকারের নজরদারির কথা ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেন। গতকাল রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকোর্দো পাতিনো এক টুইটার বার্তায় সে দেশে স্নোডেনের রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিয়েতনামে অবস্থানরত পাতিনো টুইটারে বলেন, ‘ইকুয়েডর সরকার আশ্রয়ের ব্যাপারে স্নোডেনের কাছ থেকে অনুরোধ পেয়েছে।’ ইকুয়েডর ইতিমধ্যে সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।অ্যাসাঞ্জ এক বছর ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন।যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন।অ্যাসাঞ্জের অভিযোগ, প্রত্যর্পণ করা হলে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে সুইডেন।

উইকিলিকস এক বিবৃতিতে বলেছে, আশ্রয়ের উদ্দেশে নিরাপদ পথ দিয়ে ইকুয়েডরের পথে রয়েছেন স্নোডেন। কূটনৈতিক ও উইকিলিকসের উপদেষ্টারা তাঁকে নিরাপত্তা দিচ্ছেন। ইকুয়েডর পৌঁছার পর আনুষ্ঠানিকভাবে আশ্রয়ের আবেদন করা হবে।

ইকুয়েডরে যাওয়ার লক্ষ্যে কিউবার রাজধানী হাভানার উদ্দেশে মস্কো ছেড়ে যাওয়ার কথা স্নোডেনের।

স্নোডেন গতকাল রোববার হংকং থেকে রাশিয়া পৌঁছান। হংকং কর্তৃপক্ষ গতকাল স্নোডেনের হংকং ত্যাগের বিষয়টি নিশ্চিত করে। তারা এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যেসব তথ্যের ভিত্তিতে স্নোডেনকে প্রত্যর্পণ বা গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছে, তা পুরোপুরি আইনি-কাঠামোকে সমর্থন করে না।

স্নোডেনকে গ্রেপ্তার না করা ও বিনা বাধায় মস্কো যেতে দেওয়ায় হংকংয়ের ওপর নাখোশ হয়েছে ওয়াশিংটন। হংকংয়ের এ সিদ্ধান্তকে হতাশাজনক বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র স্নোডেনকে ওয়াশিংটনের হাতে প্রত্যর্পণ করতে হংকংয়ের প্রতি আহ্বান জানিয়েছিল। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও অনুরোধ করে দেশটি।

হংকং বলেছে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্র যেসব তথ্য সরবরাহ করেছে, তার ভিত্তিতে স্নোডেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এমনটা করার আইনি কোনো ভিত্তি নেই। তাই স্নোডেন মস্কোর উদ্দেশে হংকং ছেড়ে গেলেও তাঁকে বাধা দেওয়া হয়নি।

স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানান।

স্নোডেনের বিরুদ্ধে ১৪ জুন এই মামলা করা হলেও গত শুক্রবার তা প্রকাশ করা হয়। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি আদালতে স্নোডেনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর সেই আদালত স্নোডেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, চুরি ও ‘সরকারি সম্পত্তি পরিবর্তনের’ অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইনে প্রতিটি অভিযোগের শাস্তি কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী স্নোডেন লাখ লাখ সাধারণ মানুষের ফোনকল ও অনলাইন তত্পরতায় মার্কিন প্রশাসনের নজরদারির কথা ফাঁস করে গত ২০ মে যুক্তরাষ্ট্র থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং চলে যান।