ইকুয়েডর দূতাবাস ছাড়ছেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ শিগগিরই লন্ডনের ইকুয়েডর দূতাবাস ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাসাঞ্জ। কবে বা কখন ইকুয়েডর দূতাবাস ছাড়বেন, সে বিষয়টি স্পষ্ট করেননি অ্যাসাঞ্জ। তবে সম্প্রতি যুক্তরাজ্যের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাসাঞ্জ অসুস্থ। তাঁর চিকিত্সা দরকার। ওই প্রতিবেদনের প্রসঙ্গ টেনে অ্যাসাঞ্জ বলেন, কারণটা সম্ভবত তা নয়। তবে এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেননি তিনি।
এদিকে অ্যাসাঞ্জকে সুরক্ষা দেওয়ার প্রস্তাব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইকুয়েডর।
প্রায় দুই বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে কূটনৈতিক আশ্রয়ে আছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা। যৌন হয়রানির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন। অভিযোগ অস্বীকার করেছেন ৪৩ বছর বয়সী এই অস্ট্রেলীয়।

সুইডেনে প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তাঁর আশঙ্কা, সুইডেন সরকার তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। লাখ লাখ গোপন মার্কিন দলিল ফাঁস করার জন্য যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করতে পারে।

ওই ঘটনার পর থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের ভেতরে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। ২০১২ সালের আগস্টে তাঁকে কূটনৈতিক আশ্রয় দেয় ইকুয়েডর।