ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে নিহত ১২
ইকুয়েডের একটি কারাগারে দুই দল বন্দীর মধ্যে লড়াইয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এ ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আজুয়ে প্রদেশের রাজধানী চুয়েঞ্চার এল তুরি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে ১২ জনের মৃত্যু খবর নিশ্চিত করা গেছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা বলছেন, ইকুয়েডরের কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে ৯ হাজার বেশি বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের রাখা হয়। দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
এর আগে গত বছরেরর সেপ্টেম্বর মাসে দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দী মারা গিয়েছিল। সব মিলিয়ে গতবছর কারাগারে সংঘর্ষে ৩২০ জন বন্দী নিহত হয়েছেন।