ইকোনমিস্টের বাছাইয়ে ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট বিদায়ী বছরে বিশ্বের উল্লেখযোগ্য ঘটনাবলির একটি তালিকা করেছে। সেখান থেকে বাছাই করা ঘটনাগুলো কিছুটা সংক্ষেপে তুলে ধরা হলো:
ব্রেক্সিট: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের পক্ষে জনগণ রায় দেওয়ায় তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাঁর উত্তরসূরি থেরেসা মে দায়িত্ব বুঝে নিয়ে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। ব্রেক্সিটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডলারের বিপরীতে পাউন্ডের দর ৩১ বছরের মধ্যে সবচেয়ে নিচে পড়ে যায়।
তেলের দামে পতন: গত জানুয়ারিতে ১২ বছরের মধ্যে তেলের দাম সর্বনিম্ন হয়।
ওবামার কিউবা সফর: ১৯২৮ সালের পর প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা সমাজতান্ত্রিক কিউবা সফরে যান। এর আগের বছরই দুই দেশের মধ্যে পাঁচ দশক পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়।

সিরিয়ার গৃহযুদ্ধের অব্যাহত ধ্বংসযজ্ঞ
সিরিয়ার গৃহযুদ্ধের অব্যাহত ধ্বংসযজ্ঞ

সিরিয়ায় পিছু হটে বিদ্রোহীরা: রাশিয়ার সহায়তা নিয়ে সিরিয়ার বাশার আল-আসাদ সরকার বিদ্রোহীনিয়ন্ত্রিত ভূখণ্ডে ব্যাপক হামলা চালায়। এ সময় নির্বিচারে বেসামরিক লোকজন হত্যা, হাসপাতালে বোমাবর্ষণ ও বিদ্রোহীদের সন্দেহভাজন সমর্থকদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটে। বছরের শেষ প্রান্তে এসে আসাদ অনুগত বাহিনীর হাতে পতন ঘটে বিদ্রোহীদের আলেপ্পো ঘাঁটির। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় তাদের নিয়ন্ত্রণে থাকা অনেক ভূখণ্ড হারায়।

শিশুকোলে এক শরণার্থী মা
শিশুকোলে এক শরণার্থী মা

আইএসের তৎপরতা অব্যাহত: অধিকৃত ভূখণ্ড হারানো সত্ত্বেও আইএসের জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী হামলা বজায় থাকে ২০১৬ সালে। ইরাকি ও সিরীয় সেনা এবং বেসামরিক লোকজন হত্যা করার পাশাপাশি তারা বিদেশেও হামলা চালায়। ব্রাসেলস বিমানবন্দর ও পাতালরেলে যুগপৎ হামলার দায় স্বীকার করে যে তারা ৩২ জনের প্রাণহানি ঘটেছিল। এ ছাড়া ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে এক আততায়ীর লরি চালিয়ে ৮৬ জনকে হত্যা, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর এক নাইট ক্লাবে আইএসে অনুপ্রাণিত এক বন্দুকধারীর ৪৯ জনকে হত্যা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আইএস জঙ্গিদের হামলায় চারজনের প্রাণহানির ঘটনা সংগঠনটির নৃশংসতার সাক্ষ্য বহন করে।
জার্মানির শরণার্থী সমস্যা: চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ‘শরণার্থীদের স্বাগত’ জানানোর উদার নীতিকে জার্মানির বেশির ভাগ মানুষই স্বাগত জানায়নি। এর ফলে হোঁচট খায় তাঁর জনপ্রিয়তা। এই সমস্যার মধ্যেই দেশটিতে একক সন্ত্রাসীদের বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। সর্বশেষ বার্লিনে বড়দিনের মার্কেটে হয় নিসের কায়দায় ট্রাক হামলা। এসব ঘটনা জার্মানির অভিবাসনবিরোধী দলগুলোকে চ্যান্সেলরের নীতিকে দোষারোপের আরেকটা সুযোগ করে দেয়।

তুরস্কের অভুত্থান চেষ্টার সময় রাজপথে জনতা
তুরস্কের অভুত্থান চেষ্টার সময় রাজপথে জনতা

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান: তুরস্কে সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। তবে সড়ক দখলে নিয়ে সরকারের প্রতি সমর্থন জানায় জনগণ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভ্যুত্থানের চেষ্টার দায় চাপান যুক্তরাষ্ট্র-প্রবাসী ভিন্নমতাবলম্বী ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের ওপর। এরদোয়ান এর প্রতিক্রিয়ায় সরকারের সর্বস্তরে শুদ্ধি অভিযান চালিয়ে দেড় লাখের বেশি সন্দেহভাজন গুলেন অনুগত ও অন্যদের গ্রেপ্তার অথবা চাকরিচ্যুত করেন।
ফার্কের সঙ্গে শান্তি চুক্তি: কট্টর বামপন্থী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করে কলম্বিয়ার মধ্য-ডানপন্থী সরকার। এর মাধ্যমে লাতিন আমেরিকার দেশটিতে প্রায় অর্ধশতক ধরে চলা রক্তক্ষয়ী এক সংঘাতের অবসান হয়।
ভারতে নোট বাতিল: জাল নোট এবং কালোটাকার দৌরাত্ম্য রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকস্মিকভাবে দেশটিতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেন। জনগণকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো জমা দিয়ে সমমূল্যের অর্থ তুলতে বলা হয়। দেশজুড়ে সব ব্যাংকে বিশাল লম্বা লাইন লাগে। এটিএম মেশিনে টাকার অভাবে জন-অসন্তোষ দেখা দেয়। শুরু হয় রাজনৈতিক বিতর্ক।