ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সহকারী পাইলট ফারিক আবদুল হামিদের ইচ্ছা ছিল পাইলট বান্ধবী নাদিরা রামলিকে বিয়ে করবেন। নাদিরা কাজ করেন এয়ার এশিয়া এয়ারলাইনসে।
নাদিরার সহকর্মী এক পাইলটের বরাত দিয়ে মালয়েশিয়ার সাবাহ রাজ্যের ডেইলি এক্সপ্রেসে এ কথা জানানো হয়।
আজ সোমবার এ নিয়ে এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ২০০৭ সালে মালয়েশিয়া এয়ারলাইনসে যোগ দেওয়ার মধ্য দিয়ে ফারিকের (২৭) কর্মজীবন শুরু। এরপর একই এয়ারলাইনসের জ্যেষ্ঠ এক পাইলটের মেয়ে নাদিরার সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। দুজনের সম্পর্ক প্রায় নয় বছরের। ওই পত্রিকা ও সংবাদভিত্তিক কয়েকটি ওয়েবসাইট দাবি করেছে, ১২ জন ক্রু ও ২২৭ জন যাত্রী নিয়ে এমএইচ৩৭০ ফ্লাইটটি নিখোঁজ হওয়ার পর ফারুকের মা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। তাঁকে সঙ্গ দিতেই এক মাসের ছুটি নিয়েছেন নাদিরা। বর্তমানে নাদিরা ও ফারিকের মা কুয়ালালামপুরের একটি হোটেলে রয়েছেন।
ডেইলি এক্সপ্রেসের খবরে জানানো হয়, লাঙ্কাউয়িতে ফ্লাইং স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন দুজন।