ইট মারলে পাটকেল: মমতা
ভারতের বিজেপি-শাসিত রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পাঠানোর হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘বিজেপি যা করবে, আমরাও তাই করব৷ ইট মারলে পাটকেল খেতে হয়৷’
কলকাতার একটি সংবাদ চ্যানেলের সঙ্গে গতকাল সোমবার আলাপকালে মমতা বন্দে৵াপাধ্যায় এ কথা বলেন৷ খবর পিটিঅাইয়ের৷
পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা সহিংসতার শিকার হচ্ছেন—এমন অভিযোগ এনে কেন্দ্রীয় সরকার গত এক মাসে বিজেপির কেন্দ্রীয় নেতাদের দুটি দল কলকাতায় পাঠায়৷ এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা৷ তিনি বলেন, ‘আমি মনে করি, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে এখন থেকে কোনো ঘটনা ঘটলে, সেসব রাজ্যে আমরাও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি করে দল পাঠাব৷ কারণ, এভাবে দল পাঠানোর ঘটনা কোনোভাবেই একতরফা হতে পারে না৷’
মমতা বলেন, ‘আমরা অযথা কোনো উত্তেজনা চাই না৷ কিন্তু বিজেপি যদি মনে করে, তারা সিপিআইএমের আনাড়ি লোকজনের সঙ্গে হাত মিলিয়ে সহিংসতাকে প্রশ্রয় দেবে, তাহলে তা সহ্য করা হবে না৷’
মমতা বলেন, ‘বিজেপি যা করেছে, আমিও তা করতে পারি৷ আমিও আমার তৃণমূলের ৪৬ জন সাংসদকে সব এলাকায় পাঠাতে পারি৷ দিল্লিতেও পাঠাতে পারি৷ আমি কী করতে পারি, বিজেপি কি সেটা দেখতে চায়? এই দলটি কেন একটি রাজ্যকে বিরক্ত করার চেষ্টা করছে? এটি দুর্ভাগ্যজনক৷ আমি এ অবস্থা চাই না৷’
তৃণমূলের লোকসভায় ৩৪ ও রাজ্যসভায় ১২ জন সদস্য রয়েছেন৷ লোকসভায় তৃণমূল চতুর্থ বৃহত্তম দল৷