ইটিএর অস্ত্রবিরতির ঘোষণা নাকচ করেছে স্পেন
স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএর অস্ত্রবিরতির ঘোষণাকে ‘অপর্যাপ্ত’ অভিহিত করে তা নাকচ করে দিয়েছে দেশটির সরকার। সরকারের মতে, বিচ্ছিন্নতাবাদীদের এই ঘোষণা সাময়িক না স্থায়ী তা স্পষ্ট নয়।গত রোববার বিবিসির কাছে পাঠানো এক ভিডিওবার্তায় ইটিএ অস্ত্রবিরতির ঘোষণা দেয়। এতে বলা হয়, স্বাধীনতার জন্য তারা আর সশস্ত্র লড়াই করবে না। গণতান্ত্রিকভাবে সমস্যা সমাধানের জন্য কয়েক মাস আগেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেদো রুবালকাবা বলেছেন, বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের অবশ্যই স্থায়ীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। তিনি বলেন, সংগঠনটি যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাওয়া হবে। রুবালকাবা আরও বলেন, এর আগেও ইটিএ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে সেই ঘোষণা থেকেও তারা সরে আসে। তাই তাদের বিশ্বাস করা যায় না। স্পেনের উত্তরাঞ্চল ও ফ্রান্সের কিছু এলাকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাস্ক জাতীয়তাবাদী নেতারা ১৯৫৯ সালের ৩১ জুলাই ইটিএ প্রতিষ্ঠা করেন। বিবিসি।