ইটিএর যুদ্ধবিরতির ঘোষণা
স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। স্পেন থেকে স্বাধীনতার জন্য সংগঠনটি সশস্ত্র লড়াই চালিয়ে আসছিল। বিবিসির কাছে পাঠানো এক ভিডিও বার্তায় ইটিএর পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতার জন্য গোষ্ঠীটি আর সশস্ত্র লড়াই করবে না।ইটিএর বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে কয়েক মাস আগেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে স্পেন সরকার বলেছে, ইটিএ যদি সন্ত্রাস ও অস্ত্র পরিত্যাগ করে, কেবল তখনই গোষ্ঠীটির সঙ্গে তারা আলোচনায় বসবে।৪০ বছর ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে বাস্ক সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ। লড়াইয়ে ৮২০ জনেরও বেশি লোক নিহত হয়।ইটিএর যুদ্ধবিরতির ঘোষণা সম্পর্কে স্পেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। ঘোষিত যুদ্ধবিরতি স্থায়ী না অস্থায়ী—এখন পর্যন্ত তা-ও পরিষ্কার নয়।বিবিসির কাছে পাঠানো ভিডিও টেপে ইটিএর মুখোশ পরা তিন যোদ্ধাকে একটি টেবিলে বসে থাকতে দেখা যায়। তাঁদের পেছনে ইটিএর একটি প্রতীক সাঁটা ছিল।ওই তিনজনের একজন প্রস্তুত করা একটি বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে ইটিএর সশস্ত্র সংগ্রামের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, তাঁরা এখন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তাঁদের লক্ষ্য অর্জন করতে চান।ইটিএর বিবৃতিতে বলা হয়, সংঘাতের একটি গণতান্ত্রিক সমাধানের প্রতি নিজেদের প্রতিশ্রুতির বিষয়টি দৃঢ়ভাবে নিশ্চিত করেছে ইটিএ।এর আগেও ইটিএর পক্ষ থেকে দুবার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু দুবারই তারা ঘোষণা থেকে সরে আসে।গত শুক্রবার ইটিএর রাজনৈতিক শাখা বাতাসুনা ও দলটির মিত্র ইউসকো আলকারটাসুনা পার্টি অস্ত্রবিরতি ঘোষণার জন্য ইটিএর প্রতি আহ্বান জানায়।ইটিএর শীর্ষস্থানীয় সদস্যদের গ্রেপ্তার ও যুদ্ধবিরতির জন্য বাস্ক রাজনৈতিক দলগুলোর দিক থেকে ক্রমবর্ধমান চাপসহ নানামুখী চাপের মধ্যে রয়েছে ইটিএ।মাদ্রিদ বিমানবন্দরে ইটিএর বোমা হামলায় দুই ব্যক্তি নিহত হওয়ার পর ২০০৬ সালের বিতর্কিত শান্তি আলোচনা ভেস্তে যায়। ১৯৫৯ সালে ইটিএ প্রতিষ্ঠিত হয়।এদিকে বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের পত্রিকা গারার ওয়েবসাইটে ইটিএর ওই ভিডিও বার্তাটি পোস্ট করা হয়। এই ভিডিওতে গোষ্ঠীটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়। বিবিসির ওয়েবসাইটে ভিডিওর সারকথা প্রকাশিত হওয়ার পরপরই গারার ওয়েবসাইটে তা প্রকাশিত হয়।ওয়েবসাইটে ইটিএর ভিডিওর স্পেনিশ অনুবাদ প্রকাশ করা হয়। বিবিসি, এএফপি।