ইতালি ও গ্রিসে ৩১৮ অবৈধ অভিবাসী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির উপকূলরক্ষী বাহিনী গত বুধবার ভূমধ্যসাগরে একটি নৌযান থেকে ২৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এদের বেশির ভাগই আফ্রিকার। অন্যদিকে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব ইজিয়ান সাগরে একটি জাহাজ থেকে নারী ও শিশুসহ ৮৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
ইতালিতে আটক অবৈধ অভিবাসীদের মধ্যে রয়েছে ইরিত্রিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও মালির নাগরিক। পাকিস্তানেরও কয়েকজন নাগরিক ওই দলে রয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধ ও আফ্রিকার কিছু দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে আফ্রিকার মানুষের অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানো বেড়েছে। সাগরপথে ২০১৩ সালে আফ্রিকার উত্তরাঞ্চল থেকে অসংখ্য মানুষ ইতালিতে পাড়ি জমিয়েছে। গত অক্টোবরে ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে ইরিত্রিয়ার ৩৬৬ জন নাগরিক জাহাজ ভেঙে ডুবে মারা যায়।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র নিকোস লাগাদিয়ানোস বলেন, ‘আটক হওয়া অভিবাসীদের অন্য নৌযানে করে আস্টিপালায়া দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। আটককৃতদের মধ্যে নারী ও ছোট ছোট শিশুও রয়েছে। আমরা তাদের খাবার ও পানি দিয়েছি। তারা বিপদমুক্ত রয়েছে।’
গ্রিসে আটক অভিবাসীদের জাতীয় পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যুদ্ধবিধ্বস্ত আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ অবৈধভাবে ইউরোপে পাড়ি জমায়। আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে ঢোকার অন্যতম প্রবেশপথ হচ্ছে গ্রিস।
সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে গত বছর সবচেয়ে বেশি মানুষ আফ্রিকা হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে। গ্রিস-তুরস্কের উত্তরাঞ্চলীয় স্থলসীমান্তে কড়াকড়ি আরোপ করায় আফ্রিকার মানুষের মধ্যে নৌপথে ইউরোপে যাওয়ার প্রবণতা বেড়েছে। আর দীর্ঘ এ ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই সাগরবক্ষে ঘটছে প্রাণহানি। এএফপি।