ইতালিতে আবার ভূমিকম্প ১০ জনের মৃত্যু
ইতালির উত্তর-পূর্বাঞ্চলে গতকাল মঙ্গলবার আবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। মাত্র নয় দিন আগে একই অঞ্চলে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়। জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট অব মোদেনা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলপারমা শহরের ৬০ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। পুলিশ জানায়, মোদেনা অঞ্চলে অন্তত আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া গণমাধ্যমের খবরে আরও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাভেজ্জো শহরের একজন দমকলকর্মী জানান, শহরের বেশির ভাগ ভবনই ধসে গেছে। করিয়ের দেলা সেরা নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, ‘ভূমিকম্পের সময় সবকিছুই কাঁপছিল। এ সময় আতঙ্কে আমরাও বাড়িঘর থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে পড়ি। এখন লোকজন রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে। এ কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে।’সালভাতর ইন্নিজোত্তো নামের মোদেনা শহরের একজন পুলিশ কর্মকর্তা জানান, সান ফেলিস দেল পানারো শহরে একটি ফ্যাক্টরি ভবনের ছাদ ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মিরানদোলা শহরে দুজন এবং কনকর্দিয়া ও ফিনাল শহরে দুজনের মৃত্যু হয়েছে। রোভেরেতো দি নভি শহরে গির্জার একজন যাজক মারা গেছেন। ২০ মে ইতালির উত্তর-পূর্বের শিল্পাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্পে ছয়জনের প্রাণহানি হয়। এ ছাড়া প্রায় সাত হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়। এএফপি।