ইতালিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
ইতালির নির্বাচনে স্পষ্ট কোনো বিজয়ী না থাকায় নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে ইউরোপের বিভিন্ন পুঁজিবাজারে প্রভাব পড়েছে এবং ইউরো মুদ্রার দরপতন হয়েছে। ফলে দেশটির অর্থনৈতিক সংস্কার উদ্যোগ প্রলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতালির এই সংকটে ইউরোপীয় বিভিন্ন দেশের আর্থিক বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে। বিদায়ী সরকার চেষ্টা করেছিল প্রবৃদ্ধি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকারের আয়-ব্যয়ের সামঞ্জস্য তৈরি করতে। কিন্তু বিদায়ী সরকারের এসব চেষ্টা নিয়ে বিতর্ক রয়েছে। ফলে সেসব বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে নতুন কোয়ালিশন গঠন করা কঠিন হবে। ইতালির বিশাল অঙ্কের সরকারি ঋণ শুধু সে দেশের জন্যই নয় বরং ইউরো জোনের অন্যান্য দেশের জন্যও দুশ্চিন্তার কারণ। ফলে বর্তমান সংকটের ফলে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে হলে ইতালিকে হয়তো বেশি অঙ্কের সুদ গুনতে হবে। ইতালিতে কঠিন অর্থনৈতিক সংকট আর ব্যয়-সংকোচনের প্রেক্ষাপটে গত রবি ও সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে মধ্য-বামপন্থী হিসেবে পরিচিত পিয়ের লুইগ বারসানির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী জোট পার্লামেন্টের নিম্নকক্ষে (চেম্বার অব ডেপুটিস) বেশি আসনে জিতেছে। ৬৩০টি আসনের নিম্নকক্ষে বারসানির জোট ৫৫ শতাংশ ভোট পেয়ে ৩৪০ আসন পেয়েছে। আর বেরলুসকোনির জোট ২৯ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে আসন পেয়েছে ১২৪টি।অন্যদিকে সিনেটেও মধ্য-বামপন্থী জোট বেশি আসন পেয়েছে। তবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৩১৫ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৫৮টি আসন। সিনেটে মধ্য-বামপন্থী জোট পেয়েছে ১২১টি আসন। আর সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী জোট পেয়েছে ১১৭টি আসন। বারসানি সোমবার রাতে বলেন, প্রত্যেকের কাছে পরিষ্কার যে এটি দেশের জন্য একটি নাজুক পরিস্থিতি। বিবিসি, রয়টার্স, ফাইন্যানসিয়াল টাইমস।