ইতালিতে ভূমিকম্প ছয়জন নিহত
ইতালির উত্তরাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, ওই ভূমিকম্প গতকাল রোববার ভোরে আঘাত হানে। জরুরি বিভাগ জানায়, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৬। ভূমিকম্পের সময় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইমিলিয়া-রোমাগনা থেকে ভেনিস পর্যন্ত গোটা এলাকা কেঁপে ওঠে। বলগোনা, মদেনা, ফেরারা, রভিগো, ভেরোনা ও মান্তুনা শহরে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কিত হাজার হাজার মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, ভূমিকম্পে কারখানার দুটি ভবন বিধ্বস্ত হয়ে চারজন শ্রমিক নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে সেন্ট-অ্যাগোস্টিনোয় একটি সিরামিক কারখানার দুজন শ্রমিকও রয়েছেন। তাঁরা রাতের পালায় কাজ করছিলেন। ভূমিকম্পে আতঙ্কিত ও শোকাহত হয়ে ৩৭ বছর বয়স্ক একজন জার্মান নারী এবং শতবর্ষী আরও নারী মারা যান।এ ছাড়া বিভিন্ন স্থানে আরও প্রায় ৫০ জন আহত হয়। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার-তৎপরতা অব্যাহত রয়েছে। আহত ব্যক্তিদের অধিকাংশই মদেনা এলাকার বাসিন্দা। এএফপি, রয়টার্স ও বিবিসি।