ইতালিতে সরকার গঠনের কাজ শুরু করলেন লেট্টা
ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মধ্যপন্থী বাম নেতা এনরিকো লেট্টা জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। দেশকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের আশায় গতকাল বৃহস্পতিবার তিনি আলোচনা শুরু করেন। তিনি এই সংকটকে সামাজিক ‘জরুরি অবস্থা’ বলেও আখ্যায়িত করেন।লেট্টা বলেন, তিনি এমন একটি সরকার গঠন করতে চান, যা ইতালির সাধারণ মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার এবং দেশকে কঠিন কৃচ্ছ্র সাধনের (ব্যয় সংকোচন) অবস্থা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবে। ৪৬ বছর বয়সী লেট্টা তাঁর প্রচেষ্টায় সক্ষম হলে, তিনি হবেন ইউরোপের সবচেয়ে কম বয়সী সফল নেতাদের একজন।সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির পিপল অব ফ্রিডম পার্টি ও বিদায়ী প্রধানমন্ত্রী মারিও মন্তের জোট বলেছে, তারা লেট্টার সরকারকে সমর্থন করবে। তবে বিবদমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন জোট সরকার গঠন নিয়ে লেট্টার ওই আলোচনা অত সহজ হবে না বলে মনে করা হচ্ছে।তা ছাড়া লেট্টার নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেই বেরলুসকোনির সঙ্গে প্রস্তাবিত জোট গঠন করা নিয়ে মতপার্থক্য রয়েছে। যদিও নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ৭৬ বছর বয়সী নেতা ও ধনকুবের বেরলুসকোনির নতুন কোনো মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই।ইতালির পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট জর্জিও নেপোলিতানো গত বুধবার লেট্টাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটাতে নেপোলিতানো রাজনীতিবিদদের সব মতপার্থক্য একপাশে রাখার এবং একটি বৃহৎ জোট সরকার গঠনের আহ্বান জানান।বিশ্লেষকদের ধারণা, তারুণ্যে ভরা লেট্টা কয়েক দিনের মধ্যেই তাঁর মন্ত্রিসভার সদস্যদের বাছাই করে তাঁদের আনুষ্ঠানিক মনোনয়ন দিতে সক্ষম হবেন। এর মধ্য দিয়ে শিগগিরই দেশটিতে পূর্ণাঙ্গ সরকার গঠনের কাজও শেষ হবে। এএফপি।