ইতালির উপকূলে আবার নৌকাডুবি ৫০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির সিসিলি দ্বীপের কাছে ভূমধ্যসাগরে গত শুক্রবার আবার আশ্রয়প্রার্থীদের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধার করা হয়েছে ২২১ জনকে। একই দিন মিসরের উপকূলে অন্য একটি নৌকাডুবিতে মারা গেছে ১২ জন আশ্রয়প্রার্থী।
গত ৩ অক্টোবর ইতালির দক্ষিণ উপকূলে লাম্পেদুসা দ্বীপের কাছে এক নৌকাডুবিতে আফ্রিকার অন্তত ৩০০ আশ্রয়প্রার্থীর মৃত্যু হয়। এ দ্বীপটি ইতালির মূল ভূখণ্ডের চেয়ে আফ্রিকারই বেশি কাছে।
ইতালির উপকূলের দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সূর্যাস্তের আগে আগে লাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ১০৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমধ্যসাগরে। ইতালির লাম্পেদুসার অদূরে হলেও সাগরের ওই অঞ্চলে উদ্ধারকাজের দায়িত্ব ভূমধ্যসাগরের দ্বীপ দেশ মাল্টার হাতে। নৌকাটি আফ্রিকা থেকে রওনা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে মাল্টা ও ইতালির উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজে সহায়তা করা হয়।
একই দিন মিসরের আলেক্সান্দ্রিয়া সমুদ্রবন্দরের কাছে অন্য একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়। মিসরের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অন্তত ১১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই ফিলিস্তিন ও সিরিয়ার নাগরিক।
সর্বশেষ এ ঘটনায় মাল্টার প্রধানমন্ত্রী যোশেফ মুসকাট বলেন, ‘ভূমধ্যসাগর সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ এএফপি ও বিবিসি।