ইতালির কূটনীতিককে ভারতে দায়মুক্তি নয়: আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির কূটনীতিক দ্যানিয়েল মানচিনি ভারতে কোনো ধরনের আইনি দায়মুক্তির অধিকার পাবেন না। ভারতের প্রধান বিচারপতি আলতামাস কবির গতকাল সোমবার এ নির্দেশ দেন। তিনি আরও বলেন, মানচিনির প্রতি আদালতের সব আস্থা হারিয়ে গেছে। ভারতীয় দুই জেলে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ইতালির মেরিন সেনা মাসিমিলিয়ানো লাতোরি ও সালভাতোরে গিরোনির বিচার চলছে। তাঁরা একটি নির্বাচনে ভোট দেওয়ার কথা বলে জামিন নিয়ে দেশে গিয়ে আর ফিরে আসেননি। তাঁদের ভারতে ফিরতে দেওয়া হবে না বলে ইতালির কর্তৃপক্ষ গত সপ্তাহে ঘোষণা দেয়। ওই দুই সেনার জামিন আদায়ে মধ্যস্থতা করেছিলেন ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মানচিনি। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের প্রধান আলতামাস কবির বলেন, আদালতে এসে দুই আসামির জামিনের দায়ভার গ্রহণকারী ব্যক্তি কোনো কূটনৈতিক দায়মুক্তি পাবেন না। চলমান মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২ এপ্রিল। ইতালির রাষ্ট্রদূতকে ওই সময় পর্যন্ত ভারতে অবস্থানের নির্দেশ দেওয়া হচ্ছে। এ জন্য কর্তৃপক্ষকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নিতে হবে। ইতালির ভূমিকাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইতালির বর্তমান অবস্থানের ‘পরিণতির’ ব্যাপারে সতর্কতা উচ্চারণ করে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করে দেখা হবে বলে নয়াদিল্লি হুঁশিয়ারি দিয়েছে। মানচিনি যাতে ভারত ছাড়তে না পারেন, সে জন্য দেশটির সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের অধিকার প্রশ্নে ভারতের অবস্থানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে। ইতালির একজন সরকারি আইনজীবীর দাবি, ভিয়েনা কনভেনশনে বর্ণিত আন্তর্জাতিক আইন অনুযায়ী কূটনৈতিক দায়মুক্তি পাবেন মানচিনি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সুপ্রিম কোর্টে হাজির হয়ে ইতালির দুই সেনার ফিরে আসার নিশ্চয়তা দিয়েছিলেন মানচিনি। এখন তার ব্যতিক্রম হওয়ায় তাঁর কূটনৈতিক দায়মুক্তির অধিকার খর্ব হয়েছে। তাঁকে কোনো আইনি সুরক্ষা ছাড়াই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হতে পারে।গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে দুই জেলেকে গুলি করে হত্যা করা হয়। ইতালির তেলবাহী একটি জাহাজের কাছে এ ঘটনা ঘটে। ইতালির সেনারা জানান, তাঁরা ওই জেলেদের জলদস্যু ভেবে ভুল করেছিলেন। ইতালির কর্তৃপক্ষ স্বদেশে ওই দুই সেনার বিচার করার যুক্তি তুলে ধরে। তবে ভারতীয় ভূখণ্ডে (কেরালা রাজ্য) সংঘটিত হত্যাকাণ্ডের বিচার তাদের দেশেই করার পক্ষে নয়াদিল্লি। ওই হত্যাকাণ্ড নিয়ে কেরালার বিধানসভায় তুমুল বিতর্ক হয়। এএফপি।