ইতালির কোনো মায়ের জন্য মুম্বাই নয়: শিবসেনা
ভারতের কট্টরপন্থী দল শিবসেনার প্রধান বাল ঠাকরে বলেছেন, ইতালির কোনো মায়ের জন্য মুম্বাই নয়। গতকাল বুধবার দলীয় মুখপত্র সামনা পত্রিকায় এক সম্পাদকীয় নিবন্ধে এই মন্তব্য করেন তিনি। ‘সব ভারতীয়র জন্যই মুম্বাই’—আগের দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন বাল ঠাকরে।ঠাকরে বলেন, মুম্বাইয়ে সব ভারতীয়র অধিকার থাকতে পারে, কিন্তু এই শহর কীভাবে ইতালির একজন মায়ের হবে। কংগ্রেসের যুবরাজ (রাহুল গান্ধী) পুরোপুরি ব্যর্থ। আর এই ব্যর্থতা থেকে তিনি মারাঠি জনগণ ও মহারাষ্ট্রকে অপমান করেছেন। তিনি আরও বলেন, মুম্বাই দেশের অথিতিশালা নয় যে কেউ এখানে আসবে, থুতু ফেলবে এবং চলে যাবে।১৯২০ সালের ‘সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলন’-এ নিহত ১০৫ জনের প্রসঙ্গ টেনে ঠাকরে বলেন, ওই আন্দোলনে শহীদ ব্যক্তিরা মুম্বাইকে অতিথিশালা বানানোর জন্য প্রাণ দেননি। রাহুল গান্ধীর আরেকটি মন্তব্যের প্রসঙ্গ টেনে শিবসেনা নেতা বলেন, মুম্বাই হামলার সময় বিহারি কমান্ডো সেনারা এই শহরকে রক্ষা করেছিলেন—এমন কথা বলার মাধ্যমে হেমন্ত কারকারে, বিজয় সালাসকার, অশোক কামতে ও তুকারাম ওম্বলের মতো পুলিশ সদস্যদের আত্মত্যাগকে খাটো করা হয়েছে। মুম্বাইয়ের অধিকার মহারাষ্ট্রের ও মহারাষ্ট্রের জনগণের উল্লেখ করে ঠাকরে বলেন, কেউ এই সত্যকে ধ্বংস করতে চাইলে তাঁকে মহারাষ্ট্রের অস্ত্রের মোকাবিলা করতে হবে।ইতালীয় বংশোদ্ভূত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী মঙ্গলবার পাটনায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘রাজ ঠাকরে বা বাল ঠাকরে কী বললেন তাতে আমি আগ্রহী নই। আমি যেটা বিশ্বাস করি ভারত সব ভারতীয় জনগণের এবং এর নাগরিকদের দেশের যেকোনো স্থানে যাওয়ার অধিকার রয়েছে।’ পিটিআই অনলাইন।