ইতালির পার্লামেন্ট থেকে বেরলুসকোনিকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভিও বেরলুসকোনি
সিলভিও বেরলুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে গত বুধবার পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। কর জালিয়াতির দায়ে অভিযুক্ত এই ধনকুবের অবশ্য ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
রাজধানী রোমে নিজ বাসভবনের সামনে হাজার হাজার সমর্থকের উদ্দেশে বেরলুসকোনি বলেন, পার্লামেন্টে ওই ভোটাভুটির পরও তিনি রাজনীতিতে থাকবেন। দিনটি ছিল ‘গণতন্ত্রের জন্য শোকাবহ’।
তিন দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী বেরলুসকোনি ২০ বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হলেন। সিনেটে ভোটাভুটিতে তাঁর পক্ষে সমর্থনও জানিয়েছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। এমনকি তাঁকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেন একজন সিনেটর। বিষয়টি নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী সিনেটরের মধ্যে বাগবিতণ্ডাও হয়।
বেরলুসকোনি আগামী ছয় বছর কোনো সাধারণ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তিনি দায়মুক্তির অধিকারও হারিয়েছেন। এই অধিকার থাকায় এত দিন তাঁকে গ্রেপ্তারে আইনি বাধা ছিল। এখন তাঁকে গ্রেপ্তারে বাধা নেই। পার্লামেন্ট থেকে বেরলুসকোনিকে বহিষ্কারের পর তাঁকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ে। তবে তাঁর আইনজীবীরা এ ধরনের খবর অসত্য বলে জানান।
বেরলুসকোনির সমর্থনে আয়োজিত এক জনসভায় তাঁর বান্ধবী ফ্রান্সেসকা প্যাস্কেলকে অংশ নিতে দেখা যায়। সমাবেশে বেরলুসকোনির বহিষ্কারের বিষয়টিকে ‘অবৈধ’ উল্লেখ করে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পার্লামেন্টের এই সিদ্ধান্তের ফলে বেরলুসকোনি ধীরে ধীরে রাজনীতি থেকে হারিয়ে যেতে পারেন। এএফপি।