ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির বিমান ও প্রতিরক্ষাসামগ্রী নির্মাতা বিখ্যাত প্রতিষ্ঠান ফিনমেকানিকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। ভারত সরকারকে ঘুষ দেওয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালির গণমাধ্যম এ খবর দিয়েছে।ওই কর্মকর্তার নাম গিউসেপ্পে অরসি। কয়েক মাস ধরেই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। অরসির বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালে ভারতের কাছে ১২টি অগাস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার বিক্রির বিষয়ে ঘুষ লেনদেন হয়। এই দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ আত্মসাৎ করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অরসি। একই ঘটনায় অগাস্তা ওয়েস্টল্যান্ডের প্রধান ব্রুনো স্পাগনোলিনিকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ঘুষ লেনদেনের ঘটনায় সন্দেহভাজন দুই মধ্যস্থতাকারী বর্তমানে সুইজারল্যান্ডে রয়েছেন। তাঁদের দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলেও গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।ফিনমেকানিকাই বর্তমানে তদন্তের আওতায় থাকা ইতালির একমাত্র প্রতিষ্ঠান নয়। দেশটির কৌঁসুলিরা গত সপ্তাহে ঘোষণা দেন, তাঁরা জ্বালানি খাতের বিখ্যাত প্রতিষ্ঠান ইএনআইয়ের প্রধান নির্বাহী পাওলো স্কারোনির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন। তিনি আলজেরিয়ায় কাজ পেতে সে দেশের কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অব্যবস্থাপনার অভিযোগে ইতালির তৃতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংকা মন্তে দ্য পাসচি দি সিইনার বিরুদ্ধেও একাধিক তদন্ত চলছে। এএফপি।