ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে গুলি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির রাজধানী রোমে গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুজন কর্মকর্তা আহত হয়েছেন। তবে এই হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরেই প্রেসিডেন্ট প্রাসাদ। এ ঘটনা এমন এক সময় ঘটল, যখন প্রেসিডেন্ট প্রাসাদে এনরিকো লেট্টার নতুন সরকার শপথ নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করেছে। এ ব্যাপারে সাবেক সরকারের মন্ত্রিপরিষদ সদস্য অ্যান্টোনিও ক্যাটরিকালা বলেন, ‘আমরা এখনো জানি না তিনি (আটককৃত ব্যক্তি) কে।’পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে কর্তব্যরত পুলিশের দুজন কর্মকর্তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করেন ওই ব্যক্তি। এ সময় কাছেই অবস্থানরত পুলিশের অন্য কর্মকর্তাদের তিনি বলেন, ‘আমাকে গুলি কর, আমাকে গুলি কর।’আহত কর্মকর্তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর কাঁধে গুলি লেগেছে। অন্যজনের গুলি লেগেছে পায়ে। এ ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন। তাঁর অবস্থা গুরুতর নয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পাঁচ-ছয়টি গুলি ছোড়া হয়েছে। পুলিশ গুলির পাঁচটি খোসা উদ্ধার করেছে। গত শনিবার নতুন জোট সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করেন লেট্টা। সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ঘনিষ্ঠ এক সহযোগীকে জোট সরকারের উপপ্রধানমন্ত্রী করা হয়েছে।প্রধানমন্ত্রী লেট্টা বলেন, সরকারপ্রধান হিসেবে তিনি দেশের অর্থনীতি, বেকার সমস্যা ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাকে সর্বাধিক গুরুত্ব দেবেন। এ ছাড়া মন্দা মোকাবিলায় ইউরোপের গৃহীত কৃচ্ছ্রনীতির পরিবর্তে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির দিকে জোর দেবেন।গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের প্রশ্নে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। বিবিসি ও আল-জাজিরা।