ইতালির প্রমোদতরী থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের শেষ চেষ্টা
ইতালিতে ডুবে যাওয়া প্রমোদতরীতে এখনো কেউ আটকা পড়ে আছে কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। যদিও ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় সে সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।নৌবাহিনীর ডুবুরিরা জাহাজটির বিলাসবহুল অংশে নতুন করে পথ তৈরি করে নিয়ে সেখানে খুঁজে দেখছেন। পানির নিচে থাকা ওই অংশে আগে খোঁজ করা হয়নি। জাহাজটি যখন ডুবে যাচ্ছিল, তখন আতঙ্কগ্রস্ত যাত্রীরা সেখানে আশ্রয় নিতে পারে।ইতালির উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র কসিমো নিকাস্ত্রো বলেন, ‘অলৌকিক কিছু ঘটতেও পারে। জাহাজটি কাত হয়ে যাওয়ায় ওই অংশে একটি বায়ুগহ্বর সৃষ্টি হয়েছিল। তার পরও এই হিমশীতল পানি ও আবহাওয়ার মধ্যে এখন আর কাউকে জীবিত অবস্থায় পাওয়ার সম্ভাবনা এক রকম নেই। এর পরও শেষ আশা থাকা পর্যন্ত আমরা তল্লাশি চালিয়ে যাব।’আবহাওয়ার তথ্য অনুযায়ী, সমুদ্রের ওই অংশে বড় বড় ঢেউ হতে পারে। এতে আংশিক ডুবে থাকা জাহাজটি পুরোপুরি ডুবে যেতে পারে। তবে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র আপাতত শান্ত আছে।নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু ডায়ান অরলত্তির মা গত শুক্রবার মনে করেছিলেন, জাহাজের ধ্বংসাবশেষের ওপর মেয়ের স্মৃতির জন্য ফুল রেখে যাবেন। কিন্তু পরে তিনি সে সিদ্ধান্ত পরিবর্তন করেন।সুসি আলবার্তিনি নামের ওই মা বলেন, ‘এখনো আশা আছে। আমি আশা ছাড়তে পারছি না।’ তবে নিখোঁজ অপর ২১ জনের আত্মীয়স্বজন প্রিয়জনের উদ্দেশে সাগরে ফুল ভাসিয়ে দেয়।কিন্তু সুসি আলবার্তিনি উদ্ধারকর্মীদের কাছে আর্তি জানান, ‘ডায়ানকে ফিরিয়ে এনে দিন। তাঁকে উদ্ধারের জন্য তল্লাশি চালিয়ে যান, আশা ছাড়বেন না।’ইউরোপের সর্ববৃহৎ এই প্রমোদতরীটি ডুবে যায় ১৩ জানুয়ারি রাতে। এ সময় সেটিতে প্রায় ৬০টি দেশের চার হাজার ২২৯ জন যাত্রী ছিল। এএফপি।