ইতালির সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করে দেখছে ভারত। দুই জেলেকে হত্যার অভিযোগে বিচারাধীন ইতালির দুই মেরিন সেনা ফেরত পাঠানো নিয়ে জটিলতা সৃষ্টির পর ভারত এই সিদ্ধান্ত নিয়েছে।মনমোহন সিং পার্লামেন্টে ইতালির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করার এক দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ইতালি দুই মেরিন সেনাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আমরা ইতালির সঙ্গে সম্পর্কের সব দিক সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছি। রোমে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বসন্ত কুমার সেখানে আপাতত কাজ করবেন না। তিনি আজ শুক্রবার রোম ত্যাগ করবেন।’এদিকে ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল ম্যাচিনিকে চার দিনের মধ্যে ভারত ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুই মেরিন সেনা দেশে গিয়ে কেন ফিরে আসেননি, রাষ্ট্রদূতের কাছে তা-ও জানতে চেয়েছেন তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ।গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট ইতালির দূতের প্রতি এই নোটিশ জারি করেন। রাষ্ট্রদূতকে ১৮ মার্চের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন আদালত। ভারতে ফিরে আসার প্রতিশ্রুতি দেওয়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট দিতে ওই দুই মেরিন সেনাকে দেশে যাওয়ার অনুমোদন দেওয়া হয়। গত ২২ ফেব্রুয়ারি তাঁরা ইতালি যান। রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে আদালতকে নিশ্চয়তা দিয়েছিলেন, সেনারা ২২ মার্চের মধ্যে ভারতে ফিরে আসবেন।এর আগে গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মেরিন সেনাদের ফেরত না পাঠালে পরিণতি ভালো হবে না। দুই মেরিন সেনাকে ভারতে না পাঠানোর বিষয়টি ‘গ্রহণযোগ্য’ নয়।গত সোমবার ইতালির রোম থেকে এক ঘোষণায় বলা হয়, মাসিমিলিয়ানো লাতোরি ও সালভাতোর গিরোনি নামে ওই দুই মেরিন সেনা ইতালিতে থাকবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে দুজন ভারতীয় জেলেকে হত্যার দায়ে তাঁরা অভিযুক্ত। তাঁরা অবশ্য দাবি করেন, জলদস্যু ভেবে তাঁরা ওই দুই জেলেকে গুলি করেন।ভারতের এক সাংবাদিক বলেন, সর্বোচ্চ আদালতের দেওয়া নোটিশে ১৮ মার্চ আদালতের পরবর্তী শুনানির দিন পর্যন্ত ইতালির রাষ্ট্রদূতের ভারত ছাড়া উচিত হবে না বলে উল্লেখ করা হয়েছে।এর আগে রাষ্ট্রদূত ম্যাচিনি বলেন, মেরিন সেনাদের নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত তিনি ভারত ছাড়বেন না। নয়াদিল্লি থেকে ইতালির দূতকে বহিষ্কারের চিন্তা করছে ভারত সরকার—এমন খবরের ভিত্তিতে তিনি এ কথা বলেছিলেন। তখন তিনি বলেন, ‘ভারতের যথাযথ কর্তৃপক্ষ আমাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা না করা পর্যন্ত আমি এ দেশ ছাড়ব না।’ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অবশ্য বলেন, ‘একজন রাষ্ট্রদূতের ওপর নয়াদিল্লি এমন কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না, যা ভিয়েনা কনভেশনের সঙ্গে অসংগতিপূর্ণ। তিনি ভিয়েনা কনভেশনের আওতায় কূটনৈতিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। তাঁর চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপের অধিকার আমাদের নেই।’দুই জেলেকে হত্যার ঘটনাটি যেহেতু আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে, তাই ইতালি চায় মেরিন সেনাদের বিচার ইতালির আদালতে হোক। কিন্তু ভারত বলছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তাদের জলসীমায়।ভারত ও ইতালির মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করতে গত ৬ মার্চ ইতালির সরকার কূটনৈতিক পর্যায়ে বৈঠকের জন্য ভারতকে অনুরোধ জানায়। তাদের অনুরোধের বিষয়টি বিবেচনা করে দেখছে নয়াদিল্লি। বিবিসি, এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।