ইতালীয় প্রমোদতরী চরে ঠেকে ছয়জনের মৃত্যু
ইতালির একটি প্রমোদতরী শুক্রবার রাতে একটি দ্বীপের কাছে বালুচরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর অন্তত ছয়জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে প্রায় ৭০ কয়েকজন।কোস্টা কনকর্ডিয়া নামের ২৯০ মিটার লম্বা প্রমোদভ্রমণে ব্যবহূত জাহাজটি ইতালিতে এ পর্যন্ত নির্মিত জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড়। ঘটনার সময় জাহাজটিতে ইতালীয়, ব্রিটিশ ও ফরাসি যাত্রী, নাবিকসহ বিভিন্ন দেশের চার হাজারেরও বেশি যাত্রী ছিল।গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোস্টা কনকর্ডিয়া যাত্রী নিয়ে ভূমধ্যসাগরের উদ্দেশে শুক্রবার স্থানীয় সময় সকালে রোমের কাছাকাছি সিভিতাভেকেচিয়া বন্দর ছেড়ে যায়। পরে রাত ১০টার দিকে তাসকান উপকূলের জিলিও দ্বীপের কাছাকাছি বালুচরের সঙ্গে জাহাজটির নিচের অংশ ধাক্কা খায়। যাত্রীরা তখন রাতের খাবার খেতে ব্যস্ত ছিল। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে যাত্রীদের অনেকেই এ সময় সমুদ্রের ঠান্ডা পানিতে লাফিয়ে পড়ে। মারা পারমেগিয়ানি নামের এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, জাহাজটি বালুচরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আরোহীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কীভাবে এ ঘটনা ঘটে, তা তিনি বলতে পারেন না। জাহাজের ক্যাপ্টেন স্বাভাবিক অবস্থায় ছিলেন না।লুসিয়ানো নামের অপর এক যাত্রী বলেন, ‘আমরা যখন রাতের খাবার খাচ্ছিলাম, তখন বড় ধরনের গোলমালের শব্দ শুনতে পেলাম। একই সঙ্গে মনে হলো, জাহাজের নিচের অংশ কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেল। এরপর তলায় ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করল এবং জাহাজটি কাত হয়ে যেতে শুরু করল।’জাহাজের কর্মী ফ্যাবিও কস্টা বলেন, ‘সবকিছুই পড়ে যাচ্ছিল। আর লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দিল। এটা কতটা ভয়ংকর ছিল, সে সম্পর্কে জাহাজ থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত কোনো ধারণাই ছিল না আমাদের। আমরা জানালা দিয়ে তাকিয়ে দেখতে পেলাম, পানি খুব কাছাকাছি চলে আসছে। সবকিছুই খুব দ্রুত ঘটে যাচ্ছিল। সবাই চেষ্টা চালাচ্ছিল নৌকায় উঠে পড়তে। এ সময় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। নাবিকেরা সাহায্য করার চেষ্টা করলেও এ সময় অনেকে পানিতে পড়ে যায়। জাহাজ থেকে বের হয়ে আসতেই লোকজনের কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’ ইতালীয় কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, প্রায় তিন হাজার ২০০ যাত্রী এবং এক হাজার ২৩ জন নাবিককে লাইফবোট, হেলিকপ্টার ও ছোট ছোট নৌযানের সাহায্যে উদ্ধার করা হয়। পরে তাদের ওই ছোট দ্বীপের স্কুল, বাড়িঘর ও গির্জায় নিয়ে আশ্রয় দেওয়া হয়। জাহাজে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা অনুসন্ধানে কেবিন থেকে কেবিনে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কোস্টগার্ড আরও জানায়, জাহাজটিকে পুনরায় পানির ওপর ওঠানো হয়েছে। সেটি ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এএফপি, রয়টার্স।