ইতিহাস গড়েই ঘরে ফিরল জেসিকা
অস্ট্রেলিয়ার ‘দস্যি মেয়ে’ জেসিকা ওয়াটসন অবশেষে ঘরে ফিরেছে। সাত-সাগর পাড়ি দিয়ে গতকাল শনিবার দেশের মাটিতে পা রেখেছে সে। এর মাধ্যমে জেসিকা হলো কারও সাহায্য ছাড়াই এবং বিরামহীনভাবে বিশ্ব প্রদক্ষিণ করা সবচেয়ে কম বয়সী মানুষ। সাত মাসের ভ্রমণে ২৩ হাজার নটিক্যাল মাইল পাড়ি দিয়েছে ১৬ বছর বয়সী এ স্কুলছাত্রী। গতকাল দুপুর ঠিক দুটায় সিডনি পোতাশ্রয়ে ভেড়ে তাঁর ইয়ট। গোলাপি রংয়ের ইয়টটি পোতাশ্রয়ে ঢোকার মুহূর্তে হাজার মানুষের মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনিতে চারদিক প্রকম্পিত হয়ে ওঠে। অনেকেই ছিলেন জেসিকার ইয়টের সঙ্গে মেলানো গোলাপি রংয়ের পোশাকে। ১০০ নৌকার একটি বহর এগিয়ে যায় তাকে স্বাগত জানাতে। অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী কেভিন রাডও। ছিলেন সবচেয়ে কম বয়সে (১৮) সাগরপথে বিশ্ব প্রদক্ষিণের এত দিনের রেকর্ডধারী স্বদেশী জেসি মার্টিনও। এ ছাড়া টেলিভিশনের পর্দায় এ দৃশ্য উপভোগ করে আরও লাখ লাখ মানুষ। তীরে ভেড়ার কিছু আগে জেসিকার ব্লগে লেখা প্রতিক্রিয়া ছিল, ‘এটা ঠিক যেন বড়দিনের আগের দিনের মতো। তবে বড়দিনেও এতটা উত্তেজিত, আবেগপ্রবণ হয়েছি বলে মনে পড়ে না।’ জেসিকা সমাপ্তি রেখা স্পর্শ করা মাত্র সিডনি পোতাশ্রয়ের পরিচালক স্টিভ ইয়ং প্রচণ্ড শব্দে সাইরেন বাজান। এ সময় জেসিকার মা জুলি পাড়ে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে একটা কথাই বললেন, ‘ও বাড়ি ফিরেছে।’ গত বছরের ১৮ অক্টোবর জেসিকা তার অভিযান শুরু করে। ২১০ দিন পর নির্ধারিত সময়ের এক মাস আগেই সে তা শেষ করল। জেসিকা বিশ্বের সবচেয়ে বিপদসংকুল কিছু সমুদ্রের মধ্য দিয়ে পাড়ি দিয়েছে। ৪০ ফুট উঁচু ঢেউ আর প্রচণ্ড ঝোড়ো হাওয়ার মোকাবিলা করতে হয়েছে তাকে। তবে এত কিছুর পরও তার এ অর্জন বিশ্বরেকর্ড হিসেবে গ্রহণ করা হচ্ছে না। কারণ, এ ব্যাপারে সিদ্ধান্তের অধিকারী ওয়ার্ল্ড স্পিড সেইলিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী রেকর্ডের পাতায় কারও নাম লেখাতে হলে তার বয়স কমপক্ষে ১৮ হতে হবে। কিন্তু আরও তিন দিন বাদে জেসিকার বয়স হবে মাত্র ১৭ বছর। তা ছাড়া সেইলিং কাউন্সিল দাবি করেছে, বিষুবরেখার যথেষ্ট উত্তরে যায়নি বলে তার ভ্রমণকে প্রকৃত বিশ্ব প্রদক্ষিণ বলা যাবে না। তবে পূর্বসূরি মার্টিন বলেছেন, জেসিকা এ অভিযানের মাধ্যমে প্রমাণ করেছে যে সে সমুদ্রপথে বিশ্বভ্রমণ করার সামর্থ্য রাখে। সিডনি পোতাশ্রয়ের পরিচালক স্টিভ ইয়ং বলেন, জেসিকার এ সাফল্য তার সব সমালোচককে ভুল প্রমাণিত করেছে। অভিযানের আগে অনুশীলনের সময় একটি বড় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছিল জেসিকার ইয়ট। ওই সময় সে ঘুমিয়ে ছিল। তখন এত ছোট সন্তানকে এই কাজে নামতে দেওয়ায় অনেকেই জেসিকার মা-বাবার সমালোচনা করেন। বিবিসি, এএফপি।