বন্যার্ত মানুষের জন্য মুনের জরুরি সাহায্যের আবেদন
ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের মুখে পাকিস্তান
পাকিস্তানের ভয়াবহ বন্যাকে দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, ২০০৫ সালের সুনামিতে দক্ষিণ এশিয়ায় যত লোক আক্রান্ত হয়েছিল পাকিস্তানের চলমান বন্যায় তার চেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ইতিমধ্যে এক কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। জাতিসংঘ বন্যাদুর্গতদের জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, পাকিস্তানের এই মহাদুর্যোগে বিশ্ব যেভাবে সাড়া দিচ্ছে তা মোটেও যথেষ্ট নয়। পাকিস্তান সরকার বলেছে, সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। বিশ্ব সম্প্রদায়ের এখন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। প্রচণ্ড বৃষ্টির কারণে দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণকাজ ব্যাহত হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে সেনারা পাঞ্জাব অঞ্চলে সীমিতসংখ্যক লোকের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বন্যায় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। পেট্রলপাম্পগুলো তেলশূন্য হয়ে পড়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়ায় এবং শত শত সেতু ভেসে যাওয়ায় যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সিন্ধুর বিখ্যাত শুক্কুর বাঁধের অস্থিত্ব এখন হুমকির মুখে। দেশটির ৮০ বছরের ইতিহাসের এই ধ্বংসাত্মক বন্যায় ইতিমধ্যে এক হাজার ৬০০ লোক প্রাণ হারিয়েছে। আড়াই লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লাখ লাখ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। উদ্ধারকাজে তিন লাখ সেনা নামানো হলেও তার সুফল বেসামরিক লোকজন খুব একটা পাচ্ছে না বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। ব্যাপক সমালোচনার মুখে ব্রিটেন ও ফ্রান্স সফর শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।গত সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তান এখন কঠিন অবস্থা অতিক্রম করছে। এ পরিস্থিতিতে দাতাদের আমি উদারহস্তে পাকিস্তানকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।’ জাতিসংঘ শিগগিরই পাকিস্তানের জন্য শত শত কোটি ডলার সাহায্যের আবেদন জানাবে বলে তিনি জানান।জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয়ক মাওরিজিও গিলিয়ানো বলেছেন, পাকিস্তানের বন্যা ২০০৫ সালের সুনামি বা হাইতির সাম্প্রতিক ভূমিকম্পের চেয়েও বেশি খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে। ওই দুর্যোগের সময় সাহায্য যতটা জরুরি ছিল পাকিস্তানিদের এখন তার চেয়েও জরুরিভিত্তিতে সাহায্য প্রয়োজন। দেশটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের মুখে আছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সরকার দুর্গতদের জন্য সাধ্যমতো সব কিছু করছে। কিন্তু সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাদের এখন বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা দরকার।জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হল ব্রুক বলেছেন, পাকিস্তানের এই চরম দুঃসময়ে বিশ্ব সম্প্রদায় যেভাবে সাড়া দিচ্ছে তা মোটেও সন্তোষজনক নয়। তাদের আরও কিছু করা উচিত।বন্যার ধকল কাটিয়ে উঠতে পাকিস্তানের জন্য এখন শত শত কোটি ডলার সাহায্য প্রয়োজন হলেও পশ্চিমা বিশ্ব মাত্র কয়েক মিলিয়ন ডলারের সাহায়ের প্রতিশ্রুতি দিয়েছে।এদিকে খাইবার পাখতুনখাওয়া, সোয়াতসহ পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়ে এখন দক্ষিণাঞ্চলের পাঞ্জাব ও সিন্ধুতে তাণ্ডব শুরু করেছে। ইতিমধ্যে বন্যায় পাকিস্তানের খাদ্যের আধার হিসেবে পরিচিত পাঞ্জাবের লাখ লাখ হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে। ব্যাপক ভূমিধসের কারণে সোয়াতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা থমকে আছে।সরকারের ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। প্রায় দেড় কোটি লোকের জরুরি সাহায্য প্রয়োজন হলেও মাত্র ৯০ হাজার লোকের কাছে খাদ্য-সাহায্য পৌঁছে দিতে পেরেছে তারা। এএফপি, ডন, এপি।