ইথিওপিয়ায় আবার নির্বাচন পেছাল
ইথিওপিয়ায় সাধারণ নির্বাচন নির্ধারিত সময় থেকে ১৬ দিন পিছিয়ে গেছে। আগামী ২১ জুন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে নির্বাচনের তারিখ দুবার পেছাল দেশটি।
বিবিসির খবরে বলা হয়, গত বছর ইথিওপিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন পেছানোয় আফ্রিকার দেশটিতে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। কিছু গোষ্ঠী অভিযোগ করে, মহামারিকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রধানমন্ত্রী আবি আহমেদের প্রশাসন অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে।
আগামী ৫ জুন ইথিওপিয়ার অধিকাংশ এলাকায় ও এর এক সপ্তাহ পর রাজধানী আদ্দিস আবাবায় নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। গত সপ্তাহে নির্বাচনী কর্তৃপক্ষ জানায়, কারিগরি সমস্যাসহ নানা ধরনের জটিলতা পোহাতে হচ্ছে তাদের। এর মধ্যে সহিংসতার কারণে অনেক এলাকায় ভোটার নিবন্ধন সম্পন্ন করা যায়নি। ফলে পূর্বঘোষিত সময়ে নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
আবার নির্বাচন পেছানোর ফলে ইথিওপিয়ার জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভরা বর্ষা মৌসুমে নির্বাচনের তারিখ পড়ায় অনেকে ভোটদানের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সহিংসতাকবলিত তাইগ্রে অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে।
ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতায় আসার পর এটিই ইথিওপিয়ায় প্রথম সাধারণ নির্বাচন।