ইনকা সভ্যতায় লামার লাদা!
আগামী জুলাইয়ে আন্দিজ পর্বতমালার পেরুর অংশে প্রাচীন ইনকা সভ্যতার বিখ্যাত শহর মাচু পিচু আবিষ্কারের শতবার্ষিকী উদ্যাপন করা হবে। ১৯১১ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসবিদ হিরাম বিংহাম এই প্রাচীন সভ্যতার নিদর্শন ‘আবিষ্কার’ করেন। মাচু পিচুর যুগ যুগ ধরে টিকে থাকা নিদর্শনের পেছনে একটি বিরল প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। আর এই প্রাণীটি হচ্ছে লামা। এটি দক্ষিণ আমেরিকার উটজাতীয় একটি গৃহপালিত প্রাণী। গবেষকদের মতে, ইনকা সভ্যতার যে নিদর্শন রয়েছে, এই সভ্যতা বিকাশে সহায়তা করেছে লামার লাদা। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে। সম্প্রতি এ নিয়ে বিশ্বের প্রত্নতত্ত্ববিষয়ক গবেষণা ও নিবন্ধ প্রকাশের ত্রৈমাসিক সাময়িকী ‘এনটিকুইটি’তে সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশিত হয়ছে। ‘পেরুর কেন্দ্রভূমি কুজকোতে এগ্রোপেস্ত্রলিজম (পশুচারণভূমি ব্যবহার করে মাঠ সংস্কৃতি ও কৃষিকর্মের সমন্বিত উৎপাদন ব্যবস্থা) ও সামাজিক পরিবর্তন: পরিবেশগত উপাদান ব্যবহারের সংক্ষিপ্ত ইতিহাস’ শিরোনামে নিবন্ধটি লিখেন পেরুর রাজধানী লিমার ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব আন্দিয়ান স্টাডিজের এলেক্স চেপস্তো-লাস্তি।নিবন্ধে বলা হয়েছে, লামার মল ইনকা সমাজে দারুণ ভূমিকা রেখেছিল। বিশেষ করে কৃষিজমির উর্বরতা বাড়াতে। দুই হাজার ৭০০ বছর আগে সেখানকার মানুষের জীবিকার অবলম্বন ছিল শিকার। পরে তারা চাষবাসও শুরু করে। আর এটিই মূলত কুজকো এলাকায় (যেখানে মাচুু পিচ্চু অবস্থিত) ইনকাদের বসতি স্থাপন এবং বংশ বিস্তারে ভূমিকা রাখে। চেপস্তো-লাস্তি বলেন, কৃষির উন্নয়ন ও ভুট্টা ফসলের আবাদ ইনকা সমাজের বিকাশে মূল ভূমিকা পালন করে। খাদ্যশস্য সভ্যতা নির্মাণ করেছে। মাচু পিচু ও নিম্নভূমির বনের মধ্যে অবস্থিত সড়কের পাশে মারকাকুচা নামের একটি ছোট হ্রদের মাটির রাসায়নিক গঠন বিশ্লেষণে সেখানে বছর খানেক সময় কাটিয়েছেন চেপস্তো-লাস্তি। কুজকোর বন ও পাহাড়ঘেরা প্রাচীন বাণিজ্য পথ দিয়ে মালামাল বহন করছে লামার দল। পথে তারা বিরতি নিত, পানি খেত এবং মলত্যাগ করত। এই মল জৈবিক সার হিসেবে কাজ করত, যা সহজেই সংগ্রহ করা যেত।গবেষকদের মতে, ব্যাপক জৈবিক সার ব্যবহারের ফলে কুজকো এলাকায় কৃষির বিস্তার সম্ভব হয়েছিল। ইনকারা বন্য কুইনোয়া থেকে ভুট্টা খেত যাতে প্রচুর ক্যালরি রয়েছে। এতে কুজকো বা মাচু পিচুতে তাদের দ্রুত বংশবৃদ্ধি হয়েছে। বিবিসি।