ইন্টারনেট জগতের সবচেয়ে ভয়ংকর শত্রু চীন: অ্যাসাঞ্জ
ইন্টারনেটের ওপর বাধানিষেধ (সেন্সরশিপ) আরোপের ঘটনায় চীনের তীব্র সমালোচনা করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি চীনকে ‘প্রযুক্তিগত শত্রু’ হিসেবে অভিহিত করেছেন।হাজার হাজার গোপন কূটনৈতিক নথি ফাঁস করে দিয়ে যুক্তরাষ্ট্রের রোষানলের মুখে পড়েছেন অ্যাসাঞ্জ। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার তৎপরতা চলছে। সেখানে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে।তবে চীনকেই ইন্টারনেট জগতের সবচেয়ে ভয়ংকর শত্রু বলে মনে করেন অ্যাসাঞ্জ। ব্রিটেনের নিউ স্টেটসম্যান সাময়িকীকে গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চীনই সবচেয়ে বেশি আক্রমণাত্মক।ব্রিটেনে গ্রেপ্তার হওয়ার পর অ্যাসাঞ্জ এখন জামিনে আছেন। তিনি ব্রিটেনের কাছ থেকে সুইডেনে হস্তান্তর এড়ানোর চেষ্টা করছেন। যৌন হয়রানির অভিযোগে সুইডেনে তাঁর বিচার হবে।অ্যাসাঞ্জ বলেন, ‘ইন্টারনেটে বাধানিষেধ আরোপের জন্য চীনের আছে সবচেয়ে আক্রমণাত্মক ও অত্যাধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে তারা দেশের অভ্যন্তরের প্রতিটি ইন্টারনেট গ্রাহকের ওপর নজরদারি করতে পারে এবং দেশের বাইরে থেকে আসা প্রতিটি তথ্য চাইলে আটকে দিতে পারে।’তবে উইকিলিকস প্রতিষ্ঠাতা বলেন, ‘চীনের প্রতিটি পাঠক যাতে আমাদের সাইট দেখতে পারে সে ব্যবস্থা করার চেষ্টা আমরা করে যাচ্ছি।’রাজনৈতিকভাবে ক্ষতিকর ও স্পর্শকাতর এমন প্রতিটি তথ্য বা সাইট দেশের মানুষের কাছে রুদ্ধ করে দেয় চীনের কমিউনিস্ট সরকার। সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটার এবং ভিডিও আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় সাইট ইউটিউবসহ অনেক সাইট চীনে বন্ধ করা হয়েছে।সাক্ষাৎকারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিষয়েও অনেক তথ্য তাঁর কাছে আছে। তিনি বলেন, ‘যদি আমার বা উইকিলিকসের কিছু হয় তাহলে বিমা করা ওই সব তথ্য ফাঁস হয়ে যাবে।’অ্যাসাঞ্জ বলেন, ‘একটি ব্রডকাস্টিং প্রতিষ্ঠান, মারডক ও নিউজ করপোরেশনের বিষয়ে মার্কিন দূতাবাসের ৫০৪টি গোপন নথি আমার কাছে আছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু তিনি বলেননি।যৌন হয়রানির অভিযোগের মামলায় বিচারের জন্য সুইডেনের কাছে হস্তান্তরের তৎপরতাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে উইকিলিকসের কর্মকাণ্ডের যোগ রয়েছে বলে দাবি করেন অ্যাসাঞ্জ।গত মঙ্গলবার অ্যাসাঞ্জ লন্ডনের একটি আদালতে হাজিরা দেন। এ সময় বিচারক জানান, সুইডেনের কাছে তাঁকে হস্তান্তরের বিষয়টির শুনানি আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।এ সময় তাঁর আইনজীবীরা আদালতকে জানান, তাঁকে যদি সুইডেনের কাছে হস্তান্তর করা হয়, তাহলে সেখান থেকে তাঁকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়া হতে পারে। আর সেটা হবে খুবই ঝুঁকিপূর্ণ, কেননা যুক্তরাষ্ট্রে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেনস জানান, তাঁর মক্কেলকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে সুইডেন। তবে সুইডেনের বিচার মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করেছে। এএফপি।