ইন্টারনেট নিরাপত্তা ঢেলে সাজানোর আহ্বান
ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক বিশ্লেষকেরা অনলাইন নিরাপত্তা ঢেলে সাজানোর প্রচারণা শুরুর আহ্বান জানিয়েছেন। মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলে তথ্য চুরি করছেন, এমন তথ্য ফাঁস হওয়ার পর বিশ্লেষকেরা এই আহ্বান জানালেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে গত বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস জানায়, গোয়েন্দারা ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাবেষ্টনী ভেঙে অনলাইন ব্যাংকিং ও ই-মেইলসহ বিভিন্ন তথ্য চুরি করছেন। ওই নিরাপত্তাবেষ্টনী ভাঙতে তাঁরা সুপার কম্পিউটারসহ বিশেষ প্রযুক্তি ব্যবহার করছেন।
বিশ্লেষকেরা ইন্টারনেট নিরাপত্তাকে নতুন করে সাজানোর প্রচারণা শুরুর আহ্বান জানালেও বাস্তবে এটা সম্ভব কি না সে ব্যাপারে সন্দিহান। তাঁদের মতে, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাবেষ্টনীর কঠোরতা চায় না।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাথিউ গ্রিন বলেন, ‘আমাদের ধারণা, এনএসএ ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর দুর্বল নিরাপত্তাই চায়। কিন্তু এতে করে মার্কিন ইন্টারনেট ব্যবহারকারীরা অনিরাপদ থেকে যাচ্ছেন।’
প্রযুক্তিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রধান বলেন, ‘নেটওয়ার্কের যুগে আমরা তাৎক্ষণিকভাবে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এই হুমকির জবাব আমাদের দিতেই হবে।’
জিহাদিদের তথ্যভান্ডার গড়তে একজোট: জিহাদিদের বিষয়ে একটি তথ্যভান্ডার গড়ে তুলতে পরস্পরকে সহযোগিতা করছেন মার্কিন ও জার্মান গোয়েন্দারা। জার্মান সাপ্তাহিক ডের স্পিগেল এ কথা জানায়। আজ সোমবারের সংস্করণে ডের স্পিগেল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে। তবে প্রতিবেদনে কোনো সূত্রের কথা উল্লেখ করা হয়নি।
ডের স্পিগেল জানায়, তথ্যভান্ডার তৈরিতে সিআইএ ও জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডিসহ আরেকটি সংস্থা পরস্পরকে সহযোগিতা করে। তথ্যভান্ডারে সন্দেহভাজন জিহাদিদের এবং জার্মানিতে অবস্থানরত তাদের সহযোগীদের তথ্য সংগ্রহ করা হয়। এ ব্যাপারে ডের স্পিগেল-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে এমন একটি তথ্যভান্ডারের কথা স্বীকার করে বিএনডি। এএফপি ও রয়টার্স।