ইন্টারনেট নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ একটি ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের কর্মকর্তারা হ্যাকিং এবং এর কারণে যে শঙ্কার সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা করেছেন। বিশ্বের বৃহত্তম অর্থনীতির অধিকারী এই দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের একটি বার্ষিক ফোরামের প্রস্তুতি হিসেবে এ বৈঠক হয়।
এর আগে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বাণিজ্যিক ভিত্তিতে ইন্টারনেট গৃপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ করেছে; যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে।
চীনের ইন্টারনেট নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের হ্যাকিংয়ের অভিযোগের বিষয়টি নিয়েও গত সোমবার বৈঠকে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক কর্মী, বর্তমানে রাশিয়ায় আত্মগোপনে থাকা এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি এমনই এক তথ্য ফাঁস করেছিলেন।
হ্যাকিং প্রতিরোধে কাজের গতি বাড়াতে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও চীন ওই ইন্টারনেট নিরাপত্তা ওয়ার্কিং গ্রুপ গঠন করে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে রয়েছেন মার্কিন ইন্টারনেটবিষয়ক সমন্বয়ক ক্রিস্টোফার পেইন্টার এবং চীনের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দাই বিং।
যুক্তরাষ্ট্র ও চীনের মন্ত্রীপর্যায়ে কৌশলগত ও অর্থনৈতিক সংলাপ শুরুর দুই দিন আগে এই বৈঠক হলো। আজ বুধবার ওয়াশিংটনে
দুই দিনের ওই গুরুত্বপূর্ণ বার্ষিক সংলাপ শুরুর কথা রয়েছে। বিবিসি।