ইন্টারনেট নিয়ন্ত্রণ চুক্তির বিষয়ে দুবাইয়ে সম্মেলন শুরু
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গতকাল সোমবার শুরু হয়েছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সম্মেলন। জাতিসংঘের অধীন এই সংস্থার সম্মেলনে মোট ১৯৩টি দেশের সরকারি নিয়ন্ত্রক সংস্থা অংশ নিচ্ছে।কর্মকর্তারা বলেছেন, সম্মেলনে আইটিইউয়ের যোগাযোগবিষয়ক চুক্তিতে সংশোধনী আনা হতে পারে।অনেকের আশঙ্কা, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের ইন্টারনেট যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল সতর্ক করে দিয়ে বলেছে, এটা মুক্ত ইন্টারনেট-ব্যবস্থাকে হুমকিতে ফেলেছে।অন্যদিকে, বর্তমানে ইন্টারনেট যেভাবে পরিচালিত হচ্ছে, সেটাকেই ভালো বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন।তবে আইটিইউ সবাইকে আশ্বস্ত করেছে, তারা সে রকম কিছু করতে যাচ্ছে না। সংস্থাটির বক্তব্য, ইন্টারনেটের অবকাঠামো খাতে বিনিয়োগ ও ইন্টারনেটে আরও বেশিসংখ্যক মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল।দুবাইয়ে সম্মেলন শুরুর আগে আইটিইউয়ের মহাসচিব হামাদুন টুর বলেন, নিষ্ঠুর সত্য হচ্ছে, ইন্টারনেট ধনী বিশ্বের করায়ত্তে রয়ে গেছে। আইটিইউ এ অবস্থার পরিবর্তন চায়।বিশ্বের টেলিযোগাযোগ-ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষার বিষয়ে সংস্থাটির এবারের ওয়ার্ল্ড কনফারেন্স অন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনসের (ডব্লিউসিআইটি) যে পরিমাণে সাড়া পাওয়া গেছে, তা ১৯৮৮ সালের পর সবচেয়ে বড়। আইটিউ বলছে, গত ২৪ বছরে ‘নাটকীয়ভাবে অন্য রকম’ এই প্রযুক্তির ক্ষেত্রে যেসব সাধারণ ধারা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখার দরকার রয়েছে।তবে যুক্তরাষ্ট্র বলেছে, এবারের সম্মেলনের জন্য বিভিন্ন দেশ যেসব প্রস্তাব জমা দিয়েছে, তার কয়েকটি ‘উদ্বেগজনক’। ডব্লিউসিআইটিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক টেরি ক্র্যামার গত সপ্তাহে বলেন, কিছু প্রস্তাবে বলা হয়েছে, আইটিইউকে ইন্টারনেট প্রশাসকের দায়িত্ব নেওয়া উচিত। সরকারগুলোকে ইন্টারনেট ব্যবস্থাপনার দায়িত্ব নিতে সুপারিশও করা হয়েছে। তিনি বলেন, ‘গণতন্ত্র ও সবার জন্য সুবিধা বলতে আমরা যা বুঝি, এগুলো তা মৌলিকভাবেই লঙ্ঘন করে। এ ধরনের প্রস্তাবগুলো আমরা শক্তভাবে বিরোধিতা করতে যাচ্ছি।’ক্র্যামার সুনির্দিষ্টভাবে রাশিয়ার একটি প্রস্তাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই প্রস্তাবে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবস্থাপনায় সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর ‘সমান অধিকার’ থাকা উচিত। তাঁর মতে, এটা করা হলে তা ইন্টারনেটের ওপর আরও বেশি নিয়ন্ত্রণের খড়্গ পড়তে পারে।অবশ্য, রাশিয়ার দৈনিক মস্কো টাইমস-এর সাম্প্রতিক এক নিবন্ধে বলা হয়, রাশিয়া নিষিদ্ধ সাইটগুলোর জন্য একটি ‘কালো তালিকা’ করতে এরই মধ্যে সক্ষমতা অর্জন করেছে। এ ক্ষেত্রে কোনো প্রকার আন্তর্জাতিক চুক্তির দরকার নেই।আবার ইন্টারনেট-ব্যবস্থার ওপর আইটিউয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে রাশিয়ার প্রস্তাব গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন সংস্থাটির নেতা হামাদুন টুর। বর্তমানে এ ধরনের কর্তৃত্ব রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর হাতে। বিবিসি।