স্নোডেনের বরাতে দুই পত্রিকার খবর
ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বেষ্টনী ভেঙেছেন গোয়েন্দারা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা ইন্টারনেট থেকে অনলাইন ব্যাংকিং, চিকিৎসা সম্পর্কিত তথ্য ও ই-মেইলসহ বিভিন্ন বিষয়ের তথ্যাদি চুরি করেছেন। বিষয়গুলোর গোপনীয়তা সুরক্ষিত রাখার জন্য ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর ব্যবহূত প্রযুক্তির নিরাপত্তাবেষ্টনী ভঙ্গ করতে সক্ষম হয়েছেন তাঁরা।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এ কথা লিখেছে। নথির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের হয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং যুক্তরাজ্যের হয়ে সরকারের যোগাযোগবিষয়ক সদরদপ্তর (জিসিএইচকিউ) এই কাজ করছে।
বিশেষ প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও ইয়াহু এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক থেকে ব্যক্তির তথ্য চুরি করেছেন মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা। এনএসএ বলেছে, যুক্তরাষ্ট্রের গোপন ওই প্রকল্প চালাতে বছরে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয় হয়। প্রকাশিত নথিতে মার্কিন গোপন ওই প্রকল্পের সাংকেতিক নাম ‘বুলরান’ বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশদের একই প্রকল্পের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘এজহিল’।
নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দাদের ওই প্রকল্পে তথ্য চুরির জন্য চতুর্থ প্রজন্মের স্মার্টফোন, ই-মেইল, অনলাইন কেনাকাটা ও বাণিজ্য যোগাযোগের নেটওয়ার্ককে বেশি গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই কাজ করতে বিশেষ ধরনের শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করান। কাঙ্ক্ষিত ব্যক্তি ইন্টারনেটে প্রবেশ করলেই তাঁর ব্যক্তিগত তথ্য সংকেতবদ্ধ করে নেয় সেই সুপার কম্পিউটার। প্রতিবেদনে আরও বলা হয়, এনএসএ একটি প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশেষ সফটওয়্যার তৈরি করে। ওই সফটওয়্যারের মাধ্যমে এনএসএ কারও তথ্য সংকেতবদ্ধ করার আগে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে যায়।
২০০০ সালের শুরু থেকে এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশে মার্কিন সরকার শত শত কোটি ডলার বিনিয়োগ করে বলে জানা গেছে।
এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা সর্বশেষ নথির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ান এসব তথ্য প্রকাশ করে। গত জুন থেকে মার্কিন নজরদারিবিষয়ক গোপন নথি প্রকাশ করা শুরু করেন স্নোডেন। এতে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। মার্কিন নাগরিক স্নোডেন সাময়িক আশ্রয় পেয়ে এখন রাশিয়ায় অবস্থান করছেন। বিবিসি।