ইন্টারনেট বোকা বানাল যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির রমরমার এই সময়ে ক্রমেই বেশি করে মানুষ যুক্ত হচ্ছেন ইন্টারনেটে। অন্তর্জালের মাধ্যমে মুহূর্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া তথ্য বা ছবি বাড়াচ্ছে সচেতনতা, গড়ছে জনমত, ছড়াচ্ছে সহমর্মিতা এবং অনেক ক্ষেত্রে উসকানিও। তবে ইন্টারনেটে পাওয়া সব তথ্যই নির্ভেজাল হবে তা মনে করার কারণ নেই। এমন অনেক তথ্য ও ছবি এখানে প্রায়ই মেলে, যা লোককে রীতিমতো বোকা বানিয়ে ছাড়বে। বিদায়ী ২০১৫ সালের এ রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।

.
.

১. নেপালে গত এপ্রিলে প্রলয়ংকরী ভূমিকম্প আঘাত হানার পর ফেসবুক ও টুইটারে আলোড়ন সৃষ্টি করা ছবিগুলোর একটি ছিল, চার বছরের এক ছেলেশিশু দুই বছর বয়সী বোনকে জড়িয়ে ধরে রক্ষার চেষ্টা করছে। ছবিটি সত্যিকারের হলেও এটি নেপালের ছিল না। ছিল ২০০৭ সালে ভিয়েতনামের প্রত্যন্ত এক গ্রাম থেকে তোলা।
২. একই ভূমিকম্প নিয়ে ইউটিউব ও ফেসবুকে প্রচারিত একটি ছবির বর্ণনায় বলা হয়, নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা কাঠমান্ডুর একটি হোটেলের সুইমিংপুলের পানিতে ঢেউ ওঠার দৃশ্য এটি। নেপালে ৮১ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার খবর দিতে গিয়ে ছবিটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যবহৃত হয়।
সঠিক তথ্য হলো, ভিডিওর ছবিটি সম্ভবত ২০১০ সালে মেক্সিকোতে সংঘটিত একটি ভূমিকম্পের সময় তোলা হয়েছিল। এ ব্যাপারে ইউটিউবের একজন ‘অভিজ্ঞ’ দর্শকের মন্তব্য, ‘বড় কোনো ভূমিকম্প হলেই ইউটিউবে ছাড়া হয়ে থাকে এ ভিডিওটি।’
৩. আরেক পোস্টে দেখা যায়, কৃষ্ণাঙ্গ এক যুবক গ্রীষ্মের কাঠফাটা গরমে সেনেগাল থেকে স্পেনে পাড়ি জমানোর কঠিন যাত্রার কাহিনি তুলে ধরেছেন। এ নিয়ে একটি হ্যাশট্যাগও খোলা হয়। এতে ওই যুবকের হাজারো ‘অনুসারী’ তৈরি হয়। তাঁকে উৎসাহিত করে অনেকেই মন্তব্য করেন। আসলে ছবিটি ছিল উত্তর স্পেনে একটি আলোকচিত্র উৎসবের বিপণনের প্রচারণা।

.
.

৪. শরণার্থী ও অভিবাসী সংকট নিয়ে ব্যাপক হইচইয়ের প্রেক্ষাপটে বিশেষ বিশেষ ঘটনাকে কেন্দ্র করে ‘আগে-পরের দৃশ্য’ নিয়ে ছবি ছড়ানো হয় ফেসবুকে। এ রকম একটি পোস্টে দুটি ছবি পাশাপাশি দিয়ে একজন লেখেন, ‘মানুষটিকে কি চেনা যায়? গত বছর আইএসের সদস্য হিসেবে পোজ দিচ্ছিলেন তিনি—এখন একজন শরণার্থী।’
আসলে ছবিটি ছিল সিরিয়ায় সরকারবিরোধী বাহিনী ‘ফ্রি সিরিয়ান আর্মির’ একজন সাবেক কমান্ডারের। গত আগস্টে সিরিয়া থেকে তিনি পালিয়ে ইউরোপের মেসিডোনিয়ায় যান। তথ্যটি জানার পর অবশ্য এ ছবির শেয়ারকারী দুঃখপ্রকাশ করেন।
৫. গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম স্থান বাঁতাক্ল থিয়েটার হলের দৃশ্য বলে চালিয়ে দেওয়া একটি ছবি ছিল প্রকৃতপক্ষে আয়ারল্যান্ডের ডাবলিন থিয়েটারের এক কনসার্টের। দুই কনসার্টেই অবশ্য সংগীত পরিবেশন করে একই ব্যান্ড দল। বাঁতাক্ল হলে হামলার আগের দিনই ব্যান্ডটির ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল ওই ছবিটি।
৬. বারবার টুইট হওয়া একটি ছবিকে প্যারিসে হামলার পর সেখানকার ফাঁকা সড়ক বলে চালিয়ে দেওয়া হয়। তা ছিল আসলে ‘সাইলেন্ট ওয়ার্ল্ড’ বা নীরব পৃথিবী নামের একটি প্রকল্পের। আলোকচিত্রের কৌশল খাটিয়ে ছবিটিতে পৃথিবীতে কোনো ভয়ংকর বিপর্যয়ের পরের সম্ভাব্য দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়। সূত্র: বিবিসি